বঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসতেই অঘটন! অকাল মৃত্যু CRPF আধিকারিকের, পূর্ব বর্ধমানে হুলুস্থুল

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে কোনও মুহূর্তে প্রকাশ হতে পারে ভোটের নির্ঘণ্ট।

Published on: Mar 2, 2026, 20:06:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্য বিধানসভা নির্বাচনের ডিউটিতে এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। ক্যাম্পে থাকাকালীন অসুস্থতা বোধ করায়, তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিআরপিএফের সাব ইন্সপেক্টরের। সাধারণ মৃত্যু নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসতেই অঘটন!
বঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসতেই অঘটন!

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে কোনও মুহূর্তে প্রকাশ হতে পারে ভোটের নির্ঘণ্ট। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রুট মার্চ করে ভোটের আগে নিরাপত্তা ও ভয়ভীতি দূর করার বার্তা দিচ্ছেন জওয়ানরা। রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলায়ও এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান শহরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। নির্দিষ্ট জায়গায় তাঁদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু রবিবার সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিআরপিএফের সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং (৫৬)। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরেই বাকি সহকর্মীরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় রাত ৯টার সময়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতেই তাঁর মৃত্যু হয়।

মৃত সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানার কাউয়ামোহন এলাকায়। তিনি সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বিহারের জামুইয়ে। সেখান থেকেই এক কোম্পানি জওয়ানের সঙ্গে পূর্ব বর্ধমানে ডিউটিতে এসেছিলেন তিনি। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের দুঃসংবাদ পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের? শরীর খারাপ হয়ে মৃত্যু নাকি বিশেষ কোনও কারণ আছে? সেই প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নগেন্দ্র সিংয়ের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তারপর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। জেলায় জেলায় মোতায়ন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকালে পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছেছিল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে রবিবার রাতের মধ্যেই জেলায় আরও চার কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল বলে সূত্রের খবর।