ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন, কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

বুধবার, ১৮ নভেম্বর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Published on: Nov 18, 2026, 11:22:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার, ১৮ নভেম্বর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন, কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন, কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে সেটি। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই আবহাওয়াজনিত ব্যবস্থা। এরপর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

তবে ঘূর্ণিঝড়ের সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে না থাকলেও তার প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। বুধবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ফিরতে পারে ভ্যাপসা গরম ও গুমোট অস্বস্তি। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে যে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছিল, তা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

শুক্রবারও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।

এদিকে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আপাতত বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সব মিলিয়ে, ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে কয়েক দিনের জন্য বদলে যেতে চলেছে আবহাওয়া। বিশেষ নজরে উপকূলবর্তী জেলাগুলি। বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More