Cyclone Update: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! তৈরি হচ্ছে ‘আকভান’, বাংলায় কি আবার দুর্যোগের আশঙ্কা?
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অক্টোবর-নভেম্বর মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়। চলতি মরসুমে পরপর দুটি ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসুর ধাক্কা সামলেছে দেশের পূর্ব উপকূল। এবার কি আসতে চলেছে মরসুমের তৃতীয় ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় সেই আশঙ্কাই বাড়ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। ইতিমধ্যেই নতুন আবহাওয়া ব্যবস্থার দিকে নজর রাখছে মৌসম ভবন। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ফলে বাংলার উপকূলে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ১৪ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এমনকী ১৫ নভেম্বর নাগাদ সেটি গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এই গভীর নিম্নচাপ পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকভান’। তবে আবহাওয়াবিদদের মতে, প্রতিটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপই যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বর্তমানে নতুন আবহাওয়া ব্যবস্থার সম্ভাব্য গতিপথ নিয়েও আবহাওয়া মডেলগুলির মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। ফলে আগামী কয়েক দিনের পরিস্থিতির উপরই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের ভবিষ্যৎ।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নতুন এই আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার পর তার গতিপথ কয়েক দিকে যেতে পারে। একটি সম্ভাবনা অনুযায়ী, সেটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। অন্য একটি সম্ভাবনায় বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে পৌঁছে গতিপথ পরিবর্তন করে সমুদ্রের উপরই ঘুরে যেতে পারে। আবার মায়ানমার উপকূলের দিকেও সরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে কোন উপকূলে শেষ পর্যন্ত প্রভাব পড়বে, তা এখনই বলা সম্ভব নয়।
এদিকে নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনার মধ্যেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আগামী দু'থেকে চার দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সপ্তাহান্তে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও মনোরম আবহাওয়া বজায় থাকতে পারে।
তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রের কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার।
সব মিলিয়ে বঙ্গোপসাগরে নতুন করে আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ায় নজর রাখছেন আবহাওয়াবিদরা। অর্ণব ও মুরাসুর পর সত্যিই কি এবার জন্ম নেবে ঘূর্ণিঝড় আকভান? নাকি সমুদ্রের উপরেই শক্তি হারাবে নিম্নচাপ? আপাতত সেই উত্তর পেতে আগামী কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতির দিকেই তাকিয়ে থাকতে হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


