Massive Fire at Anondolok Hospital: দাউ দাউ করে জ্বলছে! সল্টলেকের হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের
Massive Fire at Anondolok Hospital: গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লাগার ঘটনায় ভীত সন্ত্রস্ত রোগীদের পরিবারের সদস্যরাও।
Massive Fire at Anondolok Hospital: মঙ্গলবার সকাল হতে না হতেই গাঁ শিউরে ওঠা খবরে ঘুম ভাঙল শহরবাসীর। সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে। দ্বিতীয় তলে আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যে হাসপাতাল থেকে রোগীদের বের করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, শহরের নামজাদা হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। উদ্বিগ্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারও।

স্থানীয় সূত্রে খবর, সল্টলেক করুণাময়ীর কাছের হাসপাতাল আনন্দলোকে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হাসপাতালের দোতলায় আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় দোতালায় চিকিৎসাধীন রোগীদের দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ চলছে। সূত্রের খবর, সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন লাগলে প্রাথমিকভাবে সেই আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকল বিভাগকে। আর তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন তারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, হাসপাতালের যে অংশে আগুন লেগেছিল সেখানে কোনও রোগী কিংবা হাসপাতালের কর্মী আটকে রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লাগার ঘটনায় ভীত সন্ত্রস্ত রোগীদের পরিবারের সদস্যরাও। কয়েকটি সূত্র মারফত খবর, অগ্নিকাণ্ডের খবর পেতেই হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন রোগীদের আত্মীয়-স্বজনরা। ইতিমধ্যেই, হাসপাতালে ভিতরে পৌঁছেছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। হাসপাতাল থেকে রোগীদের পাশে ডিএল ব্লকে নিয়ে যাওয়া হচ্ছে। রোগীরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন সে কারণে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু কী থেকে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এই মুহূর্তে রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, দোতলায় হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত হাসপাতালে তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে কোনও রোগীই ক্ষতির মুখে পড়েননি বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
E-Paper

