Dilip Ghosh Latest Update: শাহের বৈঠকে দিলীপ, বিধানসভা ভোটের আগে ফের দলে 'দাম বাড়ছে' ঘোষবাবুর?
বঙ্গ বিজেপির সর্বকালের সেরা সময় কেটেছে দিলীপ ঘোষের অধীনে। তাঁর অধীনে বিজেপি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে ১৮টি আসন পেয়েছিল। তারপর ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে ৭০-এর বেশি আসন এসেছিল।
রাজনৈতিক ভাবে তিনি সক্রিয় ছিলেন না, এটা বলা যাবে না। তবে সেভাবে বিজেপির বড় কোনও নেতার সভা বা বৈঠকে দেখা যাচ্ছিল না। তবে বঙ্গ রাজনীতিতে এখনও যে তিনি প্রাসঙ্গিক, তা বলাই বাহুল্য। এহেন দিলীপ ঘোষের মধ্যে 'আগুন আছে' বলে দাবি করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর শীতের বেলায় সেই দিলীপকে দেখা গেল অমিত শাহের বৈঠকে।

বিগত দিনে সেভাবে দলীয় বৈঠকে দিলীপ ঘোষকে দেখা যায়নি। তবে ভোটের আগে শাহের বৈঠকে দিলীপকে দেখা যাওয়ায় ফের জল্পনা বেড়েছে। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি একটা সময় দলের সর্বভারতীয় সহসভাপতিও করা হয়েছিল। যদিও সেই পদটা বিজেপির গঠনতন্ত্রে কার্যত আলঙ্কারিক। গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তো দিলীপের দলবদলের সম্ভাবনা নিয়েও চর্চা শুরু হয়েছিল। পুরীর জগন্নাথ ধাম উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। তবে দিলীপ দল ছাড়েননি। বিভিন্ন জায়গায় গিয়ে দলের হয়ে প্রচার করে গিয়েছেন।
তবে সম্প্রতি আলিপুরদুয়ার বা রানাঘাটে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। যদিও তা নিয়ে তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ প্রকাশ করেননি। বরং সহজভাবেই তিনি বলেছেন, 'এখন দলের পদাধিকারী নই, তাই ডাক পাইনি।' যদিও শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর মনে করা হচ্ছে, দিলীপ ঘোষ ফের সক্রিয় হবেন দলের অন্দরে। যদিও সেটা হয়নি। তবে সম্প্রতি হাওয়া বদলের ইঙ্গিত মিলেছিল। শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের প্রসঙ্গ শোনা গিয়েছিল। পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও দিলীপ ঘোষের প্রশংসা শোনা যায়। এই পরিস্থিতিতে অমিত শাহের বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। এই আবহে আসন্ন বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষকে দলের সাংগঠনিক দায়িত্বে দেখা যেতে পারে বলে ফের জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সর্বকালের সেরা সময় কেটেছে দিলীপ ঘোষের অধীনে। তাঁর অধীনে বিজেপি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে ১৮টি আসন পেয়েছিল। তারপর ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে ৭০-এর বেশি আসন এসেছিল। গত লোকসভা ভোটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি ১৮ আসন থেকে ১২-তে নেমে গিয়েছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


