East Bengal vs Al Hussein ACL2 Match: 'কোচের পরিকল্পনায় পুরো আস্থা আছে', ACL2-র আগে ‘সমালোচিত’ হাবাস নিয়ে বললেন লোবো
East Bengal vs Al Hussein ACL2 Match: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র গ্রুপ ডি'র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডনের ক্লাব আল-হুসেইন এসসির বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল।
East Bengal vs Al Hussein ACL2 Match: এশীয় ফুটবলের মঞ্চে নিজেদের টিকিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র গ্রুপ ডি'র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডনের ক্লাব আল-হুসেইন এসসি-র মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা ইস্টবেঙ্গলের কাছে এটি গ্রুপ পর্বের শেষ হোম ম্যাচ এবং নক-আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার কার্যত শেষ সুযোগ। চারটি ম্যাচ খেলে মাত্র দু'পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় একদম তলানিতে অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করছে ইস্টবেঙ্গল।

অথচ সেই জায়গায় থাকার কথাই ছিল না ইস্টবেঙ্গলের। অসংখ্য গোল মিস এবং এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে। সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ফলে সামান্যতম ভুলেরও কোনও অবকাশ নেই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মঙ্গলবার জয় ছাড়া অন্য কোনও বিকল্প খোলা নেই আন্তোনিও হাবাসের ছেলেদের সামনে।
অন্যদিকে যথেষ্ট অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় পা রেখেছে আল-হুসেইন। চার ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে আল শোরতার ঠিক পরেই গ্রুপ ডি'র দ্বিতীয় স্থানে রয়েছে জর্ডনের ক্লাবটি। যদিও নিজেদের শেষ ম্যাচে আল-শর্তার কাছে ০-৩ গোলে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। চলতি গ্রুপ পর্বে আল-হুসেইনের একমাত্র জয় এসেছে অক্টোবরে আল-সিবের বিরুদ্ধে। ফলে তাদের কাছেও মঙ্গলবার ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।
ম্যাচের আগের দিন কলকাতায় সাংবাদিক বৈঠক দলের রণকৌশল ও মানসিকতা নিয়ে মুখ খোলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি স্পষ্ট জানান, ‘দুই দলের জন্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমাদের কাছে এর গুরুত্ব আরও বেশি, কারণ আমরা ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছি এবং নক-আউটের আশা বাঁচিয়ে রাখার এটাই আমাদের শেষ সুযোগ। সাম্প্রতিক ফলাফলের নেতিবাচক প্রভাব থেকে দলের মনোবলকে দূরে সরিয়ে রাখতে হবে এবং স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে।’
দলের তারকা ফরোয়ার্ড একে লোবা সমর্থকদের গ্যালারিতে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ঘরের মাঠে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। কোচ হাবাস যখনই আমাকে খেলার সুযোগ দেন, আমি মাঠে নেমে পার্থক্য গড়ে দেওয়ার চেষ্টা করি। কোচের পরিকল্পনার ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং দল হিসেবে আমরা পরিস্থিতি বদলাতে ভীষণভাবে অনুপ্রাণিত। আমি সমস্ত সমর্থকদের অনুরোধ করব কাল মাঠে এসে আমাদের সমর্থন জোগাতে, কারণ তাঁদের গর্জনই ম্যাচে আসল তফাত গড়ে দিতে পারে।’
E-Paper
