ED raids in West Bengal: ভোটের মুখে অ্যাকশন মোডে ED! বাংলাদেশে পাচার রেশনের গম, রাজ্যের ১৫টি ঠিকানায় একযোগে হানা
ED raids in West Bengal: ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে বসন্ত কুমার শরাফ নামের এক ব্যবসায়ীর নাম উঠে আসে ইডির হাতে। সেই সূত্র ধরেই এদিন তাঁর বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল।
ED raids in West Bengal: ভোটের আবহে যেখানে বঙ্গের রাজনৈতিক পারদ বাড়ছে, সেখানে খবরের শিরোনামে ফের উঠে এল রেশন বণ্টন দুর্নীতি মামলা। আর তাই শুক্রবার সকাল থেকেই জোর কদমে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া-সহ একযোগে ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। উঠে এসেছে এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম। চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য জুড়ে।

সাতসকালে ইডি অভিযান
এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। শুক্রবার ভোরেই ইডি আধিকারিকদের একাধিক দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কলকাতার একাধিক ঠিকানা এবং বনগাঁ, মুর্শিদাবাদ, হাওড়া-সহ মোট ১৫টি জায়গায় পৌঁছে যান তাঁরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে চলে চিরুনি তল্লাশি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর। জানা গেছে, পোদ্দার কোর্টে একটি সংস্থার অফিস রয়েছে। মূলত ফুড প্রোডাক্টের সংস্থা। একই ঠিকানায় প্রায় চার থেকে পাঁচটি অফিস রয়েছে। সেখানে তল্লাশি চালানো হয়েছে।
নতুন রেশন দুর্নীতি মামলা
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে বসন্ত কুমার শরাফ নামের এক ব্যবসায়ীর নাম উঠে আসে ইডির হাতে। সেই সূত্র ধরেই এদিন তাঁর বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। কীভাবে রেশনের জিনিস পাচার করা হত? প্রভাবশালী যোগ রয়েছে কিনা? তা জানতে তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। নজরে ১২ জনের বেশি রফতানিকারক। মূলত তাঁদের অফিসেও তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত থেকে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। প্রায় ১৭৫টির বেশি ট্রাক করে গম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ট্রাকগুলিতে প্রায় ৫১০০টন গম ছিল বলে খবর। যার অঙ্ক ছিল ১৬ কোটি টাকা। শুল্ক দফতর সেই পাচার আটকায়। অভিযোগ, সরকার থেকে আটা মিল গুলিকে রেশনের আটা তৈরির জন্য যে গম পাঠানো হত, সেই গমের বস্তা চুরি করে পাচার হত বাংলাদেশে। তারই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, এর আগেও বাংলাদেশে গম পাচার করা হয়েছে। সেই দুর্নীতির টাকা কোথায় গেল, তারই তল্লাশিতে আজ ১৫ জায়গায় অভিযান ইডির।
রেশন দুর্নীতি মামলার তদন্ত রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতির অভিযোগ এনেছিল ইডি। প্রাক্তন মন্ত্রী কয়েক কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে চার্জশিটে উল্লেখ করে তদন্তকারী সংস্থা। ২০২৫ সালের ১৫ জানুয়ারি জামিনে ছাড়া পান জ্যোতিপ্রিয় মল্লিক। এবারের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু দা-কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাই কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ায় নির্বাচনী সভায় গিয়েছিলেন তাঁকে সমর্থন জানাতে। সেই সময় জনগণের সামনে তিনি বলেন, 'বালুকে ফাঁসানো হচ্ছে। ওকে হিংসে করে গ্রেফতার করানো হয়েছিল। সিপিএম পার্টির দেড় লক্ষ নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো ভুয়ো নামে রেশন দিত। এই চুরি ধরেছিল বালু। তাই ভুয়ো কেসে ফাঁসিয়েছে।'
E-Paper

