ED on Carewell Aviation: তৃণমূলের দলীয় তহবিলের ১৬০ কোটি দিয়েই বিমান ও হেলিকপ্টার কিনেছিল কেয়ারওয়েল অ্যাভিয়েশন, দাবি ইডির

তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সন্ধান মিলেছে। এই অর্থের একটি বড় অংশ ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ এবং তাদের সহযোগী সংস্থাগুলির অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ।

Published on: Jul 8, 2026, 09:29:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ED on Carewell Aviation TMC Link: তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে হওয়া ব্যাঙ্ক লেনদেন নিয়ে তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সন্ধান মিলেছে। এই অর্থের একটি বড় অংশ ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ এবং তাদের সহযোগী সংস্থাগুলির অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ।

ইডির দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সন্ধান মিলেছে। (PTI)
ইডির দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সন্ধান মিলেছে। (PTI)

ইডি সূত্রের দাবি, ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার পরিষেবা দিত। তদন্তে উঠে এসেছে বলে দাবি, তৃণমূলের দলীয় তহবিল থেকে পাওয়া অর্থ দিয়েই সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টা হেলিকপ্টার কিনেছিল। পরে সেই বিমান ও হেলিকপ্টারই আবার তৃণমূল নেতাদের ভাড়ায় ব্যবহার করা হতো। এই আর্থিক লেনদেনের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন তুলছে ইডি।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন, সল্টলেক-সহ একাধিক এলাকায় একযোগে তল্লাশি চালায় ইডির বিভিন্ন দল। তদন্তের অংশ হিসেবে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’-এর মালিকের অফিস ও বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি ওই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং আর্থিক নথিপত্রও খতিয়ে দেখা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান ব্যবহারের খরচ কীভাবে মেটানো হতো, সেই অর্থ কোথা থেকে আসত এবং দলীয় তহবিলের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান ভাড়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে, কতদিন বিমান ব্যবহার করা হয়েছে এবং সেই সংক্রান্ত সমস্ত আর্থিক নথি সংগ্রহ করেছে ইডি।

এদিন সল্টলেকের একটি সংস্থার অফিস এবং তার পরিচালকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, ওই সংস্থাও চার্টার্ড বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার এবং সংস্থার আরও কয়েকজন কর্মকর্তাকেও জেরা করেছে ইডি।

শুধু বিমান ভাড়ার লেনদেনই নয়, তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে কোন কোন উৎস থেকে অর্থ এসেছে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ইডির তদন্তে শিক্ষা দুর্নীতি এবং রেশন দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত কোনও অর্থ দলীয় তহবিলে জমা পড়েছিল কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, এর আগে তৃণমূলের প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, চার্টার্ড বিমানের খরচের জন্য ব্যবহৃত অর্থের উৎস ছিল কাটমানি ও তোলাবাজির টাকা। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই তদন্তে নেমেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, সাম্প্রতিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক তথ্য উদ্ধার হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অন্যদিকে, ইডির দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সমস্ত আর্থিক লেনদেন বিশদভাবে খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, এই অভিযোগগুলি বর্তমানে তদন্তাধীন; আদালতে এখনও সেগুলি প্রমাণিত হয়নি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More