WB Assembly Elections 2026: দিঘা-মন্দারমণি যাচ্ছেন? সাবধান! মিলবে না হোটেলে রুম, নির্দেশিকা জারি

WB Assembly Elections 2026: ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৫২ টি আসনে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন।

Published on: Apr 21, 2026 12:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Assembly Elections 2026: তীব্র গরমে একটু ছুটি কাটাতে আপনিও কী দিঘা বা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন? তাহলে সাবধান হয়ে যান! হোটেলে হোটেলে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যে জায়গায় জায়গায় মাইকিং করা শুরু হয়েছে। কেন এই নির্দেশিকা ভাবছেন নিশ্চয়ই? আসলে ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। যে কারণে আজ, মঙ্গলবার রাত থেকেই দিঘা বা মন্দারমণিতে কিছু মানুষ হোটেলে থাকতে পারবেন না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের (PTI Photo/Swapan Mahapatra)(PTI06_28_2025_000015B)
পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের (PTI Photo/Swapan Mahapatra)(PTI06_28_2025_000015B)

দিঘা, মন্দারমণি যাওয়ার আগে সাবধান!

আজ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর-সহ পূর্ব মেদিনীপুরের কোনও হোটেলেই জেলার বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না। সোমবার রাতেই জেলা হোটেল মালিকদের এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত পর্যটক বর্তমানে দিঘা বা আশেপাশের সৈকত শহরে রয়েছেন এবং যাঁরা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা নন, তাঁদের আজ বিকেলের মধ্যেই হোটেল ছেড়ে চলে যেতে হবে। আরও বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের প্রচারককে থাকতে দেওয়া যাবে না। নির্বাচনের দিনগুলিতে শান্তি-শৃঙ্খল বজায় রাখতে এবং বহিরাগতদের আনাগোনা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পর্যটক ব্যতিত অন্যান্য কেউ প্রশাসনের এই নিয়ম বা নির্দেশিকা লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দিঘা থানা এলাকায় অন্তর্গত কোনো হোটেলে থাকা যাবে না।

নির্দেশিকা জারি প্রশাসনের

এই মর্মে সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমনি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। সাফ বলা হয়েছে, বাইরের জেলার পর্যটকদের আজই দিঘা ছাড়তে হবে। পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এসব স্থান ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে। কমিশন সূত্রে খবর, পর্যটকদের আড়ালে যদি জেলায় বহিরাগতরা ঢুকে অশান্তিতে উসকানি দেয়, সেই আশঙ্কায় পর্যটকদেরও ফিরে যেতে বলা হয়েছে। এছাড়া ভোট চলাকালীন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও কমিশনের এই নির্দেশ বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার। তিনি বলেন, ‘ভোটের সময়ে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্যই এই পদক্ষেপ।’ এই ঘোষণার ফলে পর্যটন ব্যবসায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনওরকম আপস করতে নারাজ কমিশন। আজ সকাল থেকেই দীঘা ও মন্দারমণির হোটেলগুলিতে পর্যটকদের ফিরে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারও যদি আজ বা ভোটের মধ্যে দিঘা, মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকলে আগে থেকে সাবধান হয়ে যান।

উল্লেখ্য, ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৫২ টি আসনে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন। এখানকার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শঙ্কর-সহ সবকটি জনপ্রিয় পর্যটন স্থল। সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এখন ভোটের মরশুমে এই পর্যটনে রাশ টানল নির্বাচন কমিশন।