FIFA World Cup broadcast in Nandan: নন্দনের বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনাল! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নজিরবিহীন আয়োজন
এই বিশেষ আয়োজনের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন। পাশাপাশি, ফাইনালের রাতে নন্দনে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের একাংশ এবং টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখও।
FIFA World Cup broadcast in Nandan: ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা এবার নতুন মাত্রা পেতে চলেছে পশ্চিমবঙ্গে। আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ থাকবে না, বরং সিনেমা হলের বিশাল স্ক্রিনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবারের মতো কলকাতার নন্দনে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। শুধু কলকাতাই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও ক্রীড়াপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই বিশেষ আয়োজনের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন। পাশাপাশি, ফাইনালের রাতে নন্দনে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের একাংশ এবং টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখও।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই এই কর্মসূচি নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা পরিকল্পনার একটি বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়েছে। সরকারি ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই সম্প্রচারের প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখেছেন। শুক্রবারও বিষয়টি নিয়ে একদফা বৈঠক করেন সংশ্লিষ্ট আধিকারিকরা, যাতে কোনও ধরনের ত্রুটি না থাকে।
এই উদ্যোগের মূল দায়িত্বে রয়েছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে গোটা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যাতে স্থানীয়ভাবে বড় স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়। এর জন্য প্রতিটি জেলা প্রশাসনকে এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে।
প্রশাসনের দাবি, এই উদ্যোগের লক্ষ্য একটাই—যাঁরা সরাসরি স্টেডিয়ামে বসে ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁদের কাছে সেই আবহ পৌঁছে দেওয়া। নন্দনের বিশাল স্ক্রিনে খেলা দেখার সময় দর্শকরা যেন স্টেডিয়ামের পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনাতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবীন্দ্রসদন-নন্দন-অ্যাকাডেমি চত্বরকে ফুটবল উৎসবের আবহে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। দুই ফাইনালিস্ট দলের জাতীয় পতাকা, জার্সি, মুখে রং লাগানোর ব্যবস্থা এবং সমর্থকদের জন্য বিশেষ সজ্জারও আয়োজন করা হচ্ছে।
খেলা রাত পর্যন্ত চলায় নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপদে খেলা উপভোগ করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবাও প্রস্তুত রাখা হবে।
প্রশাসনের একাংশের মতে, পশ্চিমবঙ্গে এর আগে চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে রাতভর সিনেমা প্রদর্শনের নজির থাকলেও, ফুটবল বিশ্বকাপের ফাইনাল এভাবে সরকারি উদ্যোগে বড় পর্দায় দেখানোর ঘটনা এই প্রথম। ফলে এটি রাজ্যের ক্রীড়া-সংস্কৃতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকতে পারে।
এদিকে নবান্নের অন্দরে আরেকটি বিষয় নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাইনালে কোন দলের সমর্থন করবেন—আর্জেন্টিনা না স্পেন? সেই উত্তর অবশ্য মিলবে ম্যাচ শুরুর পরই। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপ ফাইনালের রাতে ফুটবলপ্রেমে মেতে উঠবে গোটা বাংলা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


