WB SIR-Election Latest Update: ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা! তার ৩ দিনের মাথায় ভোটের দিন ঘোষণা? কত দফায়?

আরও একবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) মেয়াদ বাড়ানো হল। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। কবে ভোটের ঘোষণা করা হতে পারে? কত দফায় ভোট হবে?

Published on: Feb 10, 2026, 18:41:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেল আরও দু'সপ্তাহ। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে হাবেভাবে যেটা বলা হয়েছিল, সেটাই মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির সময়সীমা বাড়াতে হবে। সেই প্রেক্ষিতে আজ কমিশনের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) মেয়াদ আরও বাড়ছে। আগামী শনিবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে শুনানির কাজ সম্পন্ন হবে। তার জেরে স্বভাবতই পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। প্রাথমিকভাবে ঠিক ছিল যে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর সেটা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছিল। এবার কমিশনের তরফে জানানো হল যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। যে ভোটার তালিকার ভিত্তিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে।

আরও একবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) মেয়াদ বাড়ানো হল। (ছবি সৌজন্যে পিটিআই)
আরও একবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) মেয়াদ বাড়ানো হল। (ছবি সৌজন্যে পিটিআই)

কবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে?

আর একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে আগামী ২ মার্চ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের (চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল) বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এবার তিন দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে এবার নজিরবিহীনভাবে একদফায় ভোট হবে বাংলায়। তবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে সূত্রের খবর।

কম দফায় ভোটের সম্ভাবনাই বেশি

যদিও শেষপর্যন্ত কী হবে, তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপরে। এমনিতে এসআইআর প্রক্রিয়া বেশিদিন চলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারিতে। সেখানে এবার মার্চের আগে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে না। ফলে নির্বাচন শেষ করার জন্য হাতে কম সময় থাকবে কমিশনের। সেই পরিস্থিতিতে এবার কম দফায় ভোট করা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। গতবার আট দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে।

এসআইআরের নয়া সূচি, কোন প্রক্রিয়া কতদিন চলবে?

১) এসআইআর নোটিশের ভিত্তিতে শুনানি: ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

২) নথির স্ক্রুটিনি ও নিষ্পত্তি: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

৩) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More