WB Budget: রাজ্যে নতুন সরকারি ছুটি! শ্যামাপ্রসাদের স্মৃতি সংরক্ষণে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

WB Budget: বাজেটেই এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, রাজ্য সরকারি কর্মীদের ক্যালেন্ডারে যুক্ত করা হল আরেকটি ছুটি। তা হল ৬ জুলাই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন।

Published on: Jun 22, 2026, 19:03:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Budget: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এবার জনমুখী ও প্রশাসনিক সংস্কারে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ‍্যে বাজেটে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানালেন, জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কার করা হবে। তাঁর স্মৃতি সৌধ তৈরি করা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে গ্রন্থাগার, পার্ক তৈরি করা হবে। এছাড়া তাঁর জন্মদিনে অর্থাৎ ৬ জুলাই মিলবে রাজ্য সরকারি ছুটি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বড় ঘোষণা অর্থমন্ত্রীর (West Bengal Assembly)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বড় ঘোষণা অর্থমন্ত্রীর (West Bengal Assembly)

এদিন বাজেটে সাংস্কৃতিক ও ঐতিহাসিক আবেগকে মর্যাদা দিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে এবার থেকে প্রতি বছর ৬ জুলাই গোটা রাজ্যে সরকারি ছুটি থাকবে। শুধু তাই নয়, এই বছর নানা ভাবে উদযাপন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁর পৈতৃক বাড়ি রয়েছে জীরাটে। সেখানে ১২৫ ফুট উঁচু একটি মূর্তি স্থাপন করা হবে। সেই বাড়িটি সংস্কার করা হবে। এর পাশাপাশি, সাধারণ মানুষ ও গবেষকদের সুবিধার্থে তাঁর স্মৃতি বিজড়িত বিশেষ গ্রন্থাগার বা লাইব্রেরির পরিকাঠামো উন্নয়নে বাজেটে ২০০ কোটি টাকার এক বিশাল তহবিল বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী।

বাজেটেই এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, রাজ্য সরকারি কর্মীদের ক্যালেন্ডারে যুক্ত করা হল আরেকটি ছুটি। তা হল ৬ জুলাই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। উল্লেখ্য, এবার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ' পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ দিবসের দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করে প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালির দাঙ্গা। এখানকার মানুষ মাতভূমিকে টুকরো হতে দেখেছিল। পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি।' তিনি আরও বলেন, 'সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হতো না। কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছিল।'

পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে করানোর জন্য রাজ্যের বিজেপি সরকার নানা পদক্ষেপ করেছে। নানা আলোচনায় উঠে আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের ইতিহাস। ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্তের সঙ্গেও জড়িয়ে রয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরেই বিজেপির অভিযোগ ছিল, পূর্বতন তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট সরকার বাংলার অন্যতম রূপকার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সম্পূর্ণ উপেক্ষা ও অবহেলা করে এসেছে। শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পরপরই প্রথম বাজেটে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা এবং ২০০ কোটির স্মারক প্রকল্পের মাধ্যমে সেই বঞ্চনার জবাব দিয়ে বাংলায় এক নতুন রাজনৈতিক ধারার সূচনা করল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।