ফ্রন্টে ফাটল! আইএসএফের সঙ্গে সমঝোতায় নিমরাজি ফরওয়ার্ড ব্লক, অস্বস্তিতে CPM

কয়েকদিন আগে বামফ্রন্টের বৈঠকেও আইএসএফের সঙ্গে জোটের বিরোধিতা করেছিল ফরওয়ার্ড ব্লক।

Published on: Feb 16, 2026 11:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দোরগড়ায় ছাব্বিশের মহারণ। কিন্তু, বামফ্রন্টে জোটের জট কাটার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ফরওয়ার্ড ব্লকের অনমনীয় মনোভাবে জোটের জট আরও বাড়তে চলেছে। বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট চায় বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম। কিন্তু মহম্মদ সেলিমদের অস্বস্তি বাড়িয়ে স্পষ্ট করে ফরওয়ার্ড ব্লক জানিয়ে দিয়েছে, আইএসফের সঙ্গে কোনও সমঝোতা করতে চায় না তারা। শনি ও রবিবার ফরওয়ার্ড ব্লকের ২ দিনের বৈঠকের নির্যাস এটাই। শুধু আইএসএফের সঙ্গে জোটে নিমরাজি হওয়া নয়, এবারের নির্বাচনে ৩২টি আসনেও প্রার্থী দিতে চায় ফরওয়ার্ড ব্লক।

আইএসএফের সঙ্গে সমঝোতায় নিমরাজি ফরওয়ার্ড ব্লক (সৌজন্যে টুইটার)
আইএসএফের সঙ্গে সমঝোতায় নিমরাজি ফরওয়ার্ড ব্লক (সৌজন্যে টুইটার)

আইএসএফ-এ নারাজ ফরওয়ার্ড ব্লক

শনিবার আর রবিবার দু’দিন বৈঠক করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। প্রথম দিন ছিল রাজ্য কমিটির বৈঠক। দ্বিতীয় দিন রাজ‌্য সম্পাদকমণ্ডলীর। সূত্রের খবর, বৈঠকে স্থির হয়েছে ৩২টি আসনে তাঁরা লড়বেন। সেই সঙ্গে জানিয়েছে, লড়াই বামফ্রন্টগতভাবে হলে কোনও আপত্তি নেই। কিন্তু আইএসএফের সঙ্গে যে জোটের পথে সিপিএম যেতে চাইছে তাতে তাদের কোনও আগ্রহ নেই। সিপিএমের কথা শুনে আইএসএফকে তারা সমর্থনও করবে না, কোথাও সিপিএমের বদলে আইএসএফ প্রার্থী থাকলে ভোটও দেবে না বলে জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ইতিমধ্যেই যা বামফ্রন্টের বৈঠকেও বারবার জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

কয়েকদিন আগে বামফ্রন্টের বৈঠকেও আইএসএফের সঙ্গে জোটের বিরোধিতা করেছিল ফরওয়ার্ড ব্লক। বৈঠক চলাকালীন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি আলিমুদ্দিন ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। পরে তিনি বলেছিলেন, 'আমরা বলছি, বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে। পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে ৩৬ বছর ক্ষমতায় রেখেছে। মানুষের প্রত্যাশা নেই বামফ্রন্টের কাছে?' এবার ফরওয়ার্ড ব্লকের ২ দিনের বৈঠকেও একই বক্তব্য উঠে এল। ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বক্তব্য, বামফ্রন্টগতভাবে লড়তে কোনও সমস্যা নেই। আপত্তিও নেই। তবে আইএসএফের সঙ্গে যে ভাবে সিপিআইএম যেতে চাইছে, তা নিয়ে ফরওয়ার্ড ব্লকের কোনও আগ্রহ নেই। ফরওয়ার্ড ব্লকের কথায় আইএসএফকে তারা সমর্থনও করবে না। আবার সিপিআইএমের পরিবর্তে আইএসএফ প্রার্থী দিলে নওশাদ সিদ্দিকীর দলকে ভোট দেবে না বলে স্থির হয়েছে বৈঠকে।

আসন জট

অন‌্যদিকে, সিপিএমের সঙ্গে প্রাথমিক দ্বিপাক্ষিক আলোচনায় ২২টি মতো আসনে ফরওয়ার্ড ব্লকের রফাসূত্র মিলেছে। যদিও বাকি আসন নিয়ে আরও আলোচনা সিপিএমের সঙ্গে করবে বলেও জানিয়েছে তারা। সেক্ষেত্রে আইএসএফের জন্য যে সব আসন ছাড়া হয়েছে, সেই আসনেও প্রার্থী দেওয়ার কথা ভাবতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর দল। সব মিলিয়ে ভোটের আগে ফরওয়ার্ড ব্লকের কড়া অবস্থানে বামফ্রন্টের জোটের জট আরও বাড়ল বলে রাজনীতির কারবারিরা মনে করছেন।