Weather Update: কমছে না দুর্যোগ! মঙ্গলেও ভিজবে বাংলা, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ-কেমন থাকবে আবহাওয়া?
Weather Update: কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather Update: মৌসুমি অক্ষরেখা এবং বিহারের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চলতি সপ্তাহেও স্বস্তি মিলছে না বঙ্গে। উত্তর ও দক্ষিণ— রাজ্যের দুই প্রান্তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এ রাজ্যে পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে তা পূর্ব দিকে গিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। সকালের দিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। বুধবার ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, তবে পুরোপুরি থামবে না। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমবে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ১৬.৭ মিলিমিটার।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধ এবং বৃহস্পতিবারে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। তার পরে ফের বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে পারে একবারে উত্তরের দিকের জেলাগুলি। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
E-Paper

