মাঘেই শীতের ভোলবদল! আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি-বাড়ছে তাপমাত্রা, এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে।

Published on: Jan 28, 2026 2:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের মেয়াদ যে প্রায় শেষের পথে, তা এখন স্পষ্ট। চলতি মাসে হাতে গোনা কয়েক দিন কনকনে ঠান্ডা থাকলেও, বেশ কিছুদিন ধরেই শীত যেন চোখে পড়ছে না। ভোর বা গভীর রাতে সামান্য ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই দ্রুত বাড়ছে তাপমাত্রা। এরমধ্যেই মাঘের মাঝপথেই বাংলার আবহাওয়ায় বড়সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস।

মাঘেই শীতের ভোলবদল! (সৌজন্যে টুইটার)
মাঘেই শীতের ভোলবদল! (সৌজন্যে টুইটার)

দক্ষিণবঙ্গের হাওয়া

একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে তখন দক্ষিণবঙ্গে শীতের আমেজ কাটিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। ফলে রাজ্যের দুই প্রান্তে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের ইনিংস প্রায় শেষের পথে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করতে পারে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বিশেষ করে বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদে হালকা কুয়াশা থাকলেও শীতের দাপট উল্লেখযোগ্যভাবে কমছে।

সরস্বতী পুজোর দিন থেকেই বঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। জানুয়ারির শেষে এসে সেই তাপমাত্রা আরও বাড়বে, সেই ইঙ্গিত করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এদিন সকালে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। দিনের বেলা শীতের আমেজ কার্যত থাকবে না। রাত ও ভোরের দিকে শীতের আমেজ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ।

এক নজরে উত্তরবঙ্গ

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা মূলত শুষ্ক থাকবে। শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। তাছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকলেও দিনের বেলা পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।