Gosaba Shootout: ফের বাংলায় ঝরল রক্ত! গোসাবায় তৃণমূল কর্মীর পিঠে গুলি, ধৃত ৩ বিজেপি কর্মী
Gosaba Shootout: দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Gosaba Shootout: নির্বাচনের আগে ফের বাংলায় ঝরল রক্ত। রাজনৈতিক হিংসার নিরিখে বিগত কয়েক বছরে দেশের শীর্ষ রাজ্যগুলির তালিকায় স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গ। তবে এবারে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সঙ্গে পুলিশে সর্বস্তরে হয়েছে রদবদল। তা সত্ত্বেও রাজনৈতিক হিংসা জারি আছে। এই আবহে দক্ষিণবঙ্গের গোসাবায় শুটআউটের ঘটনা ঘটল। জানা গিয়েছে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে গোসাবায়। সেই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। এই শুটআউটের সময় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পলাশ মণ্ডল ছিলেন দিব্যেন্দুর সঙ্গেই। জানা গিয়েছে, দলের এক মিটিং শেষে দু'জনে বাড়ি ফিরছিলেন একসঙ্গে। সেই সময় পিছন থেকে এসে পাঁচ-ছ'জন দুষ্কৃতী গুলি ছুড়তে শুরু করে। গুলিবিদ্ধ হন দিব্যেন্দু। তাঁর ডান পায়ে গুলি লাগে। এরপরই তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় দিব্যেন্দুকে। জানা গিয়েছে, দিব্যেন্দুর পিঠে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব।
এদিকে হামলাকারীদের মধ্যে একজনকে পলাশ মণ্ডল চিহ্নিত করতে পেরেছিলেন। তিনি দাবি করেন, সেই হামলাকারীর নাম ভোলা প্রমাণিক। এই ভোলা নাকি স্থানীয় বিজেপি কর্মী। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত কারণে ঘটনাটি ঘটেছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। যদিও ঘটনা প্রসঙ্গে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


