WB Govt Employees Salary Hike: পুজোর মুখে সুখবর! এই সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ল
স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য ক্যাবিনেটের অনুমোদনের পরে রাজ্যপালের সম্মতিও নেওয়া হয়েছে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। এর পরেই নতুন পারিশ্রমিক কাঠামো কার্যকর করা হয়।
WB Govt Employees Salary Hike: পুজোর মুখে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা। স্কুল শিক্ষা দফতরের অধীনে কর্মরত একাধিক পদে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকে। এই তালিকায় রয়েছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে এবং এমএসকে কর্মী থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজাররা।

স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য ক্যাবিনেটের অনুমোদনের পরে রাজ্যপালের সম্মতিও নেওয়া হয়েছে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। এর পরেই নতুন পারিশ্রমিক কাঠামো কার্যকর করা হয়।
নতুন সিদ্ধান্তে প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন ১১ হাজার ৯৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৪১ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৫ হাজার টাকা বেশি পাবেন তাঁরা। উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রেও একই পরিমাণ বৃদ্ধি হয়েছে। তাঁদের বেতন ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫২৩ টাকা।
শুধু পার্শ্বশিক্ষকরাই নন, এসএসকের সহায়ক ও সহায়িকাদের পারিশ্রমিকও ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। তাঁদের নতুন মাসিক পারিশ্রমিক ১৬ হাজার ৯৪১ টাকা। এমএসকের সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের ক্ষেত্রেও বেতন ৫ হাজার টাকা করে বৃদ্ধি পেয়েছে। ফলে ১৫ হাজার ৫২৩ টাকার পরিবর্তে তাঁরা এখন ২০ হাজার ৫২৩ টাকা পাবেন।
এমএসকের মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকাদের ক্ষেত্রে বৃদ্ধির অঙ্ক আরও বেশি। তাঁদের মাসিক পারিশ্রমিক ১৬ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে মাসে ৬ হাজার টাকা করে বৃদ্ধি হয়েছে।
শিক্ষাবন্ধুদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। আগে তাঁরা মাসে ৯ হাজার ৯৫৪ টাকা পেতেন। নতুন কাঠামোয় সেই অঙ্ক বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রেও ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তাঁদের নতুন মাসিক পারিশ্রমিক দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৪ টাকা।
এ ছাড়াও পার্ট টাইম চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ১৫ হাজার ২১৮ টাকা থেকে বেড়ে ২০ হাজার ২১৮ টাকা হয়েছে। অ্যাকাডেমিক সুপারভাইজারদের পারিশ্রমিক ১৩ হাজার ৭৮১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার ৭৮১ টাকা। পিএ কাম ডিইও পদে কর্মরতদের বেতনও ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯ হাজার ৭৭৪ টাকা।
ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক ৬ হাজার টাকা বাড়ানো হয়েছে। ১৯ হাজার ৬৯২ টাকা থেকে তা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬৯২ টাকা। অন্য দিকে ম্যানেজমেন্ট স্টাফদের জন্য আলাদা স্ল্যাব তৈরি করা হয়েছে। যাঁদের বর্তমান বেতন ২৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ৫ হাজার টাকা বৃদ্ধি হবে। ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের ৭ হাজার এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের ১০ হাজার টাকা করে বেতন বাড়বে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কর্মীদের একাংশ। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কয়েকটি সংগঠনের বক্তব্য, বেতন বৃদ্ধির ঘোষণা আগেই করা হলেও তা কার্যকর করতে দেরি হয়েছে। তাঁদের দাবি, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আরও সম্মানজনক এবং স্থায়ী বেতন কাঠামো তৈরি করা প্রয়োজন।
অর্থাৎ পুজোর আগে রাজ্যের বহু চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর হাতে বাড়তি টাকা আসার পথ খুলল। বৃহস্পতিবার থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় আগামী মাসের পারিশ্রমিক থেকেই তার প্রভাব পড়ার কথা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


