Rakhi Bandhan 2026: বিলি ২৫ লক্ষের বেশি রাখি, বরাদ্দ প্রায় ৯ কোটি টাকা! রাজ্যজুড়ে মেগা আয়োজন সরকারের
Rakhi Bandhan 2026: রাখিবন্ধন উৎসবে মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে।
Rakhi Bandhan 2026: ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবাদের বন্ধন আরও দৃঢ় করতে রাজ্যজুড়ে ধুমধাম করে পালিত হতে চলছে রাখিবন্ধন উৎসব (Rakhi Bandhan 2026)। এই উৎসবকে ঘিরে বিশেষ আয়োজন করেছে রাজ্য সরকার (West Bengal Government)। শুক্রবার রাজ্যের সর্বস্তরে সরকারি উদ্যোগে পালিত হবে রাখিবন্ধন উৎসব। কী হবে এই রাখি বন্ধন উৎসবে?

কোথায় কত বরাদ্দ?
রাখিবন্ধন উৎসবে মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। রাখিবন্ধন উৎসবের জন্য সরকারের মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করেছে। রাজ্যজুড়ে উৎসব পালনের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতের জন্য-৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া ৩৪৫টি ব্লকের জন্য বরাদ্দ হয়েছে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ১২১টি পুরসভার জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা এবং ছ’টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ছ’লক্ষ টাকা রাখা হয়েছে। ২২টি জেলা সদর দফতর পাবে ২২ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার। জিটিএ (GTA) এবং কলকাতা পুরনিগমের রাজ্যস্তরের অনুষ্ঠানের জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
পালাবদলের পর প্রথম রাখিবন্ধন উৎসব
শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতার নজরুল মঞ্চে হবে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই উপলক্ষে হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের জন্য প্রায় ৫ হাজার তিরঙ্গা-ভাবনার রাখির ব্যবস্থাও থাকছে। এছাড়াও যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন উৎসবেও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা, জেলা সদর থেকে পুরসভা-রাখিবন্ধন উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্তরে হবে সরকারি অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্জ্বলন, রাখিবন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বিভিন্ন সরকারি অফিসগুলিতে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম রাখিবন্ধন উৎসব পালিত হতে চলেছে নতুন সরকারের উদ্যোগে। ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই এবারের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।
E-Paper

