Weather Update: বঙ্গে বৈপরীত্যের ছবি! পাহাড়ে ভারী বৃষ্টি, গরম থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ?
Weather Update: আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকার কথা জানানো হয়েছে। দুপুরবেলা এই তাপমাত্রা বেড়ে হতে পারে, ৩৭ ডিগ্রি পর্যন্ত। তবে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। কিন্তু তা মোটেই আরামদায়ক নয়।
Weather Update: বাংলার আবহাওয়ায় এখন এক বৈপরীত্যের ছবি। একদিকে উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, দক্ষিণবঙ্গে তখন পাল্লা দিয়ে বাড়ছে গরম। কয়েক দিনের ঝড়বৃষ্টির পর আবারও গরম ও অস্বস্তি বাড়তে শুরু করেছে শহর কলকাতায়। এর মাঝেই নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস।
গরম থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ? (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলেও, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব এই রাজ্যে পড়বে না।
দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের চিত্রটা ভিন্ন। এখানে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং অস্বস্তিকর গরম বাড়তে পারে। আজ, বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ১৫ থেকে ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি বা দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকার কথা জানানো হয়েছে। দুপুরবেলা এই তাপমাত্রা বেড়ে হতে পারে, ৩৭ ডিগ্রি পর্যন্ত। তবে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। কিন্তু তা মোটেই আরামদায়ক নয়। ফলে আগামী বেশ কয়েকটা দিন গরমেই পুড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কয়েকটা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, তার কারণে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। আগামী বেশ কয়েকটা দিন গরমের কষ্টেই ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। এখানেই শেষ নয়, আবহাওয়া দফতরের অফিস থেকে সতর্কতাও জারি করা হয়েছে। রোদে যতটা সম্ভব কম বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
ভিজছে উত্তরবঙ্গ
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে। ১৪ থেকে ১৬ মে অর্থাৎ শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আর এই ঝড়বৃষ্টির ফলেই তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং আর কালিম্পং জেলায় ধস নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে প্রভাব পড়তে পারে ট্রাফিক চলাচলেও।
সব মিলিয়ে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের এই বিপরীতধর্মী আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
Home/Bengal/Weather Update: বঙ্গে বৈপরীত্যের ছবি! পাহাড়ে ভারী বৃষ্টি, গরম থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ?