স্বাধীনতা দিবসেও তেড়ে বৃষ্টি হতে পারে! দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, সপ্তাহান্তে কী ভাসবে উত্তর?

West Bengal Weather: আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন বলছে, স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এখনও আসেনি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে সরাসরি ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে।

Published on: Aug 14, 2026, 19:06:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

West Bengal Weather: স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয় কাছেই বিশেষ ও গর্বের। এই দিনটি জাতীয় ছুটি। সকালে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। বিকেলের দিকে বেশিরভাগই বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়ার প্ল্যান করে। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই সকলের মনে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন, ১৫ আগস্ট বৃষ্টি হবে না তো? কিন্তু সুখবর দিতে পারল না হাওয়া অফিস (Weather Update)। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

স্বাধীনতা দিবসে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি! (ছবি সৌজন্যে পিটিআই)
স্বাধীনতা দিবসে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি! (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন বলছে, স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এখনও আসেনি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে সরাসরি ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ। এখনও গভীর নিম্নচাপ রূপেই মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাবের অমৃতসর থেকে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) ছয় জেলা-ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই৷ ১৫ আগস্ট, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

কলকাতার আবহাওয়া

মূলত মেঘলা আকাশ থাকবে। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরজুড়ে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পরিমাণ কমবে৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৩ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ০৩.০১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ০০.০৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ এবং সর্বনিম্ন ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪.০৯ মিলিমিটার।

এক নজরে উত্তরের আবহাওয়া

আজ শুক্রবার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে (North Bengal)। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এই জেলাগুলিতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে, নিম্নচাপের এই খামখেয়ালি মেজাজে প্রকৃতির রূপ বদলাচ্ছে প্রতি মুহূর্তে। তাই স্বাধীনতা দিবসে বিশেষ প্ল্যান করলে তা আকাশের পরিস্থিতি বুঝে তবেই করবেন। একান্তই বাইরে বেরলে সঙ্গে রাখবেন ছাতা।