Weather Update: দহন থেকে মুক্তি! দুপুরে কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস? উত্তরবঙ্গে হাওয়া বদল

Weather Update: বঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে।

Published on: Apr 18, 2026 1:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weather Update: ভোটের উত্তাপে সরগরম রাজ্য। বাংলায় প্রথম দফার ভোটকে কেন্দ্র করে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই মেজাজ বদলাচ্ছে প্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার দুপুর-বিকেল নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইবে। তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। এদিন রাজ্যের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? রইল আপডেট।

দহন থেকে মুক্তি! (ছবি সৌজন্যে পিটিআই)
দহন থেকে মুক্তি! (ছবি সৌজন্যে পিটিআই)

বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশায়। ফলস্বরূপ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাতেই অস্বস্তি ও ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টি হবে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এই পাঁচ জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সঙ্গে। তবে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। শনিবার থেকেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

বঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে। সোমবার থেকে তীব্র গরম ও অস্বস্তি বাড়বে। সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এক নজরে উত্তরের আবহাওয়া

অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপরের ৫ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নিচের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়াও প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। রবি-সোমেও উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।