Weather news: সাতসকালেই বৃষ্টিস্নাত তিলোত্তমা! দক্ষিণের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা, উত্তরবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত
Weather news: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে।
Weather news: বুধবার সকাল থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতার একাধিক এলাকায়। অফিস টাইমে এমন দুর্যোগে চাপে পড়েছেন নিত্যযাত্রীরা। গত কয়েকদিন ধরে প্রায় রোজই দফায় দফায় ভিজছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বর্ষার সক্রিয় প্রভাবে দিনভর শহর ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ বুধবার কেমন থাকবে আবহাওয়ার মেজাজ? জানুন আবহাওয়ার আপডেট।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় সাময়িক জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে অফিস টাইমে যানজট বেড়েছে কোথাও কোথাও। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বুধবার। কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সামগ্রিকভাবে, বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বর্ষার আবহ বজায় থাকবে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকতে পারে। এই আবহাওয়া আগামী দু-তিনদিন বজায় থাকবে।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। গত কয়েকদিনের টানা দুর্যোগের পর উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’-তিন দিন রাজ্যজুড়ে বর্ষার এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
E-Paper

