মুড সুইং! বিদায়ের পথে শীত? আগামী ৪৮ ঘণ্টাতেই আবহাওয়ার চরম মোচড়

সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও সেরকমভাবে কুয়াশার দাপট থাকবে না কোথাও।

Published on: Feb 11, 2026 11:51 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ঘন ঘন আবহাওয়ার মুড সুইং। আপাতত শীতের জোরালো আমেজ থাকলেও খুব শীঘ্রই তা হাওয়া হতে চলেছে। অন্তত হাওয়া অফিস এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে। একই সঙ্গে বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তাহলে কী শীতকে ফাইনালি টাটা? জানুন আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট।

আগামী ৪৮ ঘণ্টাতেই আবহাওয়ার চরম মোচড়
আগামী ৪৮ ঘণ্টাতেই আবহাওয়ার চরম মোচড়

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জেলায় জেলায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে খুব জলদি চড়বে পারদ। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। মঙ্গলবারই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। দুপুরের দিকে ভালোই গরম লেগেছে। এদিনই সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা এদিনও ছিল স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। ফলে রাতে এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে বেশ গরম লেগেছে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও সেরকমভাবে কুয়াশার দাপট থাকবে না কোথাও।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরেও চড়বে তাপমাত্রা। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে এটা ঘটনা, ফেব্রুয়ারি মাসেও মানুষ ঠান্ডা অনুভব করেছেন। বিশেষত সকাল ও রাতের দিকে। আর বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, স্পষ্টভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে।