CNG bus routes in WB: হাওড়া, বারাসত, ডায়মন্ড থেকে সল্টলেক- কোন কোন রুটে CNG বাস চলতে পারে? রইল তালিকা
কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৫টি সিএনজি বাস চালু করা হচ্ছে। যে তালিকায় আছে ডায়মন্ড হারবার, হাওড়া, কুঁদঘাট, ডানকুনি, ব্যারাকপুর, বারাসত, বারুইপুরের মতো জায়গা। কোন কোন রুটে এসি সিএনজি বাস চালানো হতে পারে?
হাওড়া, সল্টলেক, বারুইপুর থেকে বারাসত- কলকাতা ও শহরতলি লাগোয়া এলাকায় ২৫টি এসি সিএনজি বাস চালানো হবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর, সিএনজি বাস কেনার পরে সম্ভাব্য রুট নিয়ে রিপোর্ট তলব করেছিল রাজ্য পরিবহণ দফতর। ইতিমধ্যে পরিবহণ নিগম এবং কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের সেই রিপোর্ট জমা পড়ে গিয়েছে। আর তার ভিত্তিতেই ইতিমধ্যে ১২টি রুট চিহ্নিত করে ফেলা হয়েছে বলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর। রাজ্যের পরিবহণ দফতরের কর্তাদের বক্তব্য, নয়া ২৫টি সিএনজি বাসের ফলে কলকাতা, হাওড়া, সল্টলেক-সহ লাগোয়া এলাকার গণপরিবহণ ব্যবস্থা যেমন আরও ভালো হবে, তেমনই দূষণও কিছুটা নিয়ন্ত্রণে হবে। সম্প্রতি কলকাতা-সহ একাধিক জায়গায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সেই পরিস্থিতিতে সিএনজি বাসের পথেই হাঁটতে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মাসদুয়েক আগেই কসবায় এসেছে ২৫টি সিএনজি বাস
সংশ্লিষ্ট মহলের দাবি, দূষণ রোধে দীর্ঘদিন ধরেই সিএনজি বাস চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই রেশ ধরে বরাত দেওয়া হয়েছিল একগুচ্ছ সিএনজি বাসের। সেইমতো মাসদুয়েক আগে ২৫টি এসি সিএনজি বাস এসে গিয়েছে কসবা ডিপোয়। তারপরই রিপোর্ট তলব করা হয় পরিবহণ দফতরের তরফে। কোন রুটে যাত্রী চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম, বাসের অভাব আছে, যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে চাওয়া হয়। তারপরই ১২টি রুট চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।
কোন কোন রুটে এসি সিএনজি বাস চালানো হতে পারে?
১) হাওড়া – ডায়মন্ড হারবার রুট
২) হাওড়া – ব্যারাকপুর রুট
৩) কুঁদঘাট – বারাসাত রুট
৪) জোকা – বারাসত রুট
৫) টালিগঞ্জ – হাবরা রুট
৬) কলকাতা এয়ারপোর্ট – বারাসত রুট
৭) বেলগাছিয়া - ইকো স্পেস (নিউ টাউন) রুট
৮) হাওড়া – বারুইপুর রুট
৯) পার্ক সার্কাস – ডানকুনি রুট
১০) সল্টলেক – বারুইপুর রুট
১১) শিয়ালদা – হাওড়া রুট
১২) সল্টলেক সেক্টর ফাইভ - যাদবপুর রুট
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


