WB HS 3rd semester result 2026: উচ্চমাধ্যমিকে বাড়ল পাশের হার, প্রথম হলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ২ ছাত্র, কারা?
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করা হল। আর প্রথম হয়েছেন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই পড়ুয়া। প্রথম দশে আছেন মোট ৬৯ জন। কমার্সের একজন আছেন প্রথম দশে। আর বাকিরা সবাই সায়েন্সের পড়ুয়া।
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করা হল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে প্রথম হয়েছেন দু'জন - প্রীতম বল্লভ এবং আদিত্য নারাযণ জানা। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। দু'জনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পড়ুয়া। সাবজেক্ট কম্বিনেশনও এক। সবমিলিয়ে প্রথম দশে আছেন ৬৯ জন। তাঁদের মধ্যে তিনজন মেয়ে। ৬৬ জন ছেলে।

তবে এখনই অনলাইনে ফলাফল দেখা যাবে না। সেজন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। দুপুর ২ টো থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে তৃতীয় সেমেস্টারের ফলাফল। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট দেখার সরাসরি লিঙ্ক - এখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট
১) সংসদে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের রেজাল্ট নিয়ে সার্বিকভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। আজ যে রেজাল্ট বের করা হচ্ছে, সেটা উচ্চমাধ্যমিকের প্রথম পার্টের ফল বলা যায়। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। আর ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছে।
২) সংসদ সভাপতি: তৃতীয় সেমেস্টারের জন্য ৬,৬০,২৬০ জন নাম নথিভুক্ত করেন। তাঁদের মধ্যে ৬,৪৫,৮৩২ জন পরীক্ষা দিয়েছেন। ওএমআরে পরীক্ষা হয়েছে।
৩) সংসদ সভাপতি: ৩৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হলেও তার মধ্যে কর্মদিবস ছিল মাত্র ১৩ দিন। ২৬ দিন ছুটি ছিল।
৪) সংসদ সভাপতি: তৃতীয় সেমেস্টারের মার্কশিটের হার্ডকপি দেওয়া হবে না। প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর, প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের শতাংশ, পার্সেন্টাইল এবং মোট নম্বর থাকবে মার্কশিটে।
৫) পাশের হার ৯৩.৭২ শতাংশ। গতবারের থেকে পাশের হার বেড়েছে। ছেলে ও মেয়েদের মধ্যে পাশের হারের খুব একটা পার্থক্য নেই। ছেলেদের পাশের হার ৯৩.৮১ শতাংশ। আর ৯৩.৬৫ শতাংশ ছাত্রী পাশ করেছেন।
৬) সংসদ সভাপতি: শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে।
৭) একটা ব্যাপার মনে রাখা দরকার, এখন যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, সেটা তৃতীয় সেমেস্টারের ভিত্তিতে। উচ্চমাধ্যমিকের চূড়ান্ত মেধাতালিকা আলাদা হবে। তৃতীয় এবং চতু্র্থ সেমেস্টার মিলিয়ে সেই মেধাতালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।
৮) ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ৪১.১৬ শতাংশ পড়ুয়া। ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ১০.৪ শতাংশ পরীক্ষার্থী। আর ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ০.৪৮ শতাংশ প্রার্থী।
৯) সায়েন্সের পড়ুয়াদের পাশের হার হল ৯৮.৮০ শতাংশ। ৯৪.১৫ শতাংশ কমার্স প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আর্টসে পাশের হার হল ৯২.৫৪ শতাংশ।
অনলাইনে মার্কশিট দেওয়া হবে
সংসদ সভাপতি জানিয়েছেন, তৃতীয় সেমেস্টারের যে মার্কশিট দেওয়া হবে, সেটা সফট কপি হবে। হার্ডকপি দেওয়া হবে না। স্কুল কর্তৃপক্ষ সেই মার্কশিট ডাউনলোড করবে। তাতে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। মারবেন স্ট্যাম্প। তারপর সেগুলি পড়ুয়াদের দেওয়া হবে। সেই মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। উচ্চমাধ্যমিকের যেমন মার্কশিট হয়, সেরকমই থাকছে মার্কশিটে। শুধুমাত্র হার্ডকপি দেওয়া হবে না। একেবারে চতুর্থ সেমেস্টারের ফলপ্রকাশের পরে উচ্চমাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


