ছাব্বিশের ভোটে হারলে রাজ্যে বিজেপির অস্তিত্বই থাকবে না, আশঙ্কা মহাগুরুর

তাঁদের সামনেই মিঠুন বলেন, প্রত্যেক জেলা, প্রত্যেক মঞ্চে তিনি যাচ্ছেন। ফাইভ স্টার হোটেলে বসে থাকতে পারতেন, কিন্তু তা করছেন না। তিনি মানুষের মধ্যে যাচ্ছেন, কারণ এখনই তাঁদের এক হতে হবে।

Published on: Nov 07, 2025 10:37 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে বিজেপি। এমনই অকপট স্বীকারোক্তি করলেন দলের তারকা মুখ মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত পরিবর্তন সভার মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিলেন, এই ভোটেই হবে টিকে থাকা না মুছে যাওয়ার লড়াই। তাঁর স্পষ্ট ঘোষণা, ২০২৬-এর ভোটে জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। কারণ যদি এই ভোটে বিজেপি হেরে যাই, তাহলে দলের অস্তিত্বই শেষ হয়ে যাবে।

ছাব্বিশের ভোটে হারলে রাজ্যে বিজেপির অস্তিত্বই থাকবে না, আশঙ্কা মহাগুরুর
ছাব্বিশের ভোটে হারলে রাজ্যে বিজেপির অস্তিত্বই থাকবে না, আশঙ্কা মহাগুরুর

আরও পড়ুন: মিঠুনকে নিয়ে মন্তব্যে আদালতের নিষেধাজ্ঞা, প্রতিক্রিয়ায় কি বললেন কুণাল ঘোষ?

এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা রাহুল সিনহা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁদের সামনেই মিঠুন বলেন, প্রত্যেক জেলা, প্রত্যেক মঞ্চে তিনি যাচ্ছেন। ফাইভ স্টার হোটেলে বসে থাকতে পারতেন, কিন্তু তা করছেন না। তিনি মানুষের মধ্যে যাচ্ছেন, কারণ এখনই তাঁদের এক হতে হবে। একসঙ্গে না থাকলে কিছুই হবে না। তাঁর কণ্ঠে ছিল উদ্বেগও, আবার ছিল কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তাও, বিজেপি জিতলে আপনাদের জয়, আর আপনারা জিতলে বিজেপির জয়। ভোট পর্যন্ত ভুল বোঝাবুঝি ভুলে এক হয়ে লড়তে হবে।

সাদা শার্ট, ঘি রঙের উত্তরীয়, মাথায় কালো টুপি আর চোখে কালো চশমা, এমন সাজে ‘মহাগুরু’ যখন মঞ্চে উঠলেন, তখনই জনতার মধ্যে উচ্ছ্বাস। কিন্তু তাঁর বক্তব্যে উচ্ছ্বাসের সঙ্গে মিশল বাস্তবতার তিক্ততা। কারণ মিঠুনের মুখে এই প্রথম প্রকাশ্যে শোনা গেল, বিজেপির হার মানেই অস্তিত্ব সংকট। যা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। সভা মঞ্চ থেকেই দলের ভেতরে ভাঙন মেরামতির ডাক দেন তিনি। বলেন, হাতজোড় করে অনুরোধ গোষ্ঠীদ্বন্দ্ব যাই থাকুক, অন্তত ভোট পর্যন্ত এক থাকুন। অন্যদিকে, সভায় উপস্থিত রাহুল সিনহা ফের শাসক তৃণমূলের দিকে অভিযোগের তির ছুঁড়ে বলেন, তৃণমূল এখন প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে ভোটের পরিবেশকে ভয় দেখিয়ে দখল করতে চাইছে। বিএলওদের ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।

News/Bengal/ছাব্বিশের ভোটে হারলে রাজ্যে বিজেপির অস্তিত্বই থাকবে না, আশঙ্কা মহাগুরুর