আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধি! SIR শুনানিতে ডাক পড়ল তারকা ক্রিকেটারের, কী জানাল পরিবার?
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার ভারতীয় পেসার। যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টগুলিতে ভারতের জার্সি পরে ঝুড়ি ঝুড়ি উইকেট পেয়েছেন। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুনানিতে ডাক পড়ল সেই ভারতীয় পেসার মহম্মদ শামির। তবে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলায় ব্যস্ততার কারণে আপাতত শুনানিতে হাজিরা দিতে পারছেন না তিনি। পরিবারের তরফে নির্বাচন কমিশনকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাজ্যে এসআইআরের শুনানি। ফর্মে কোনও জটিলতা থাকলে, ঠিকমতো ম্যাপিং না করা গেলে বা নথিতে কোনও সমস্যা থাকলে মূলত ডাকা হচ্ছে শুনানিতে। ডাক পেয়েছেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরাও। এদিন শুনানিতে ডাক পেয়ে কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে উপস্থিত হন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবনী সরকার। এরপরই কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানান, সাংসদ-অভিনেতা দেব ও ক্রিকেটার মহম্মদ শামিও ডাক পেয়েছেন শুনানিতে। শুধুমাত্র শামিই নয়, তাঁর ভাই মহম্মদ কাইফকেও ডাকা হয়েছে শুনানিতে। সোমবারই যাদবপুরের কার্জননগর স্কুলে এসআইআর শুনানিতে আসার জন্য সামিকে ডাকা হয়েছিল। কিন্তু শহরে না থাকায় বাংলার পেসারের পরিবার কমিশনকে জানিয়ে দেয়, ক্রিকেট খেলে ফিরে এলেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি মেটানো হবে।
বলে রাখা ভালো, জন্মসূত্রে মহম্মদ শামি উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা হলেও খেলার জন্য দীর্ঘদিন ধরেই কলকাতাতেই বাস করেন তিনি। কোচের পরামর্শে অনেক কম বয়সেই উত্তরপ্রদেশ ছেড়ে কলকাতায় চলে আসেন তিনি। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার ভারতীয় পেসার। যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এক সময় সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে যাওয়ায় বেঙ্গল আন্ডার-২২ টিমে জায়গা করে নেন শামি। সেখান থেকেই ক্রিকেটের কেরিয়ার শুরু তাঁর। মোহনবাগান ক্রিকেট কাপেও খেলেছেন তিনি। কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, কার্জননগর স্কুলের কাছেই মহম্মদ শামির বাড়ি। বাংলার পেসার যখন ভিনরাজ্যে খেলছেন, তখন তাঁর এসআইআর সংক্রান্ত বিষয়গুলোতে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। এই মুহূর্তে শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন। রাজকোটে ম্যাচ খেলছে বাংলা। ৮ জানুয়ারি পর্যন্ত দলের সঙ্গে রাজকোটেই থাকতে হবে শামিকে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য-সকলকেই ডেকে পাঠানো হয়েছে। এবার ডেকে পাঠানো হল শামিকেও। তবে তারকা পেসার কবে হাজিরা দেবেন তা এখনও জানা যায়নি।
E-Paper

