Trains-ISRO Network for Gangasagar Mela: ৭ স্যাটেলাইট-সহ ইসরোর প্রযুক্তি, ১২৬ স্পেশাল ট্রেন শিয়ালদায়- একগুচ্ছ নয়া উদ্যোগ

সাতটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ)-সহ ইসরোর প্রযুক্তি, ১২৬টি স্পেশাল ট্রেন শিয়ালদা ডিভিশনে- একগুচ্ছ নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকার এবং পূর্ব রেলের তরফে। আর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

Published on: Jan 8, 2026, 08:59:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য ইসরোর তৈরি প্রযুক্তি ব্যবহার করবে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, এবার গঙ্গাসাগর মেলায় এক কোটির বেশি পুণ্যার্থী আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এত সংখ্যক মানুষের ভিড় সামলাতে, পুরো মেলা মসৃণভাবে আয়োজন করার জন্য ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর 'নেভি সি' প্রযুক্তি ব্যবহার করা হবে। মোট সাতটি স্যাটেলাইট এবং একাধিক কেন্দ্রের নেটওয়ার্কের হাত ধরে সেই প্রযুক্তির মাধ্যমে একেবারে সময় ধরে নিখুঁত যে তথ্য পাওয়া যায়, সেটা কাজে লাগিয়ে ভিড় নিয়ন্ত্রণ করবে প্রশাসন। কোথাও কতটা ভিড় হয়েছে, কোথায় কী অবস্থা, সেই সংক্রান্ত একেবারে টাটকা তথ্য দেবে ইসরোর প্রযুক্তি। আর সেই তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে প্রশাসন।

ইসরোর প্রযুক্তি থেকে স্পেশাল ট্রেন - গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকার এবং রেলের প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং Indian Railways)
ইসরোর প্রযুক্তি থেকে স্পেশাল ট্রেন - গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকার এবং রেলের প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং Indian Railways)

সিসিটিভি, অত্যাধুনিক ড্রোন থাকছে গঙ্গাসাগর মেলায়

তাছাড়াও সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা আয়োজনের জন্য ১,২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। ব্যবহার করা হবে থার্মাল-ইমেজিং ড্রোন। পুণ্যার্থীদের ভিড় সামলানো এবং স্বাস্থ্য সংক্রান্ত সহায়তার জন্য ১০,০০০-র বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। মোতায়েন করা হচ্ছে সিভিল ডিফেন্সের ২,৫০০ স্বেচ্ছাসেবক, কুইক রেসপন্স টিম (কিউআরটি), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ৫৪ কিলোমিটারের মতো অংশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

লঞ্চ, বাস, বার্জ, ভেসেল- প্রস্তুত আছে সব

আর পুণ্যার্থীরা যাতে সহজেই গঙ্গাসাগর মেলায় পৌঁছাতে পারেন, সেজন্যও রাজ্য সরকারের তরফে ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার জন্য মোট ২১টি জেটি চালু রাখা হবে। আট নম্বর লট এবং নামখানায় ১০০টি লঞ্চ, ৪৫টি ভেসেল এবং ১৩টি বার্জ থাকছে। গাড়ির চাপ সামলাতে বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ১৬টি বাফার জোন তৈরি করা হয়েছে। হাওড়া এবং কলকাতা থেকে আট নম্বর ও কচুবেড়িয়া পর্যন্ত যাওয়া এবং আসার জন্য একটি টিকিট থাকবে। বিভিন্ন প্রান্ত থেকে ২,৫০০-র বেশি বাস যাবে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের নিয়ে।

১২৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল

তাছাড়াও রেলের তরফেও গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত বছর ৭২টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। বিধানসভা নির্বাচনের বছরে সেই সংখ্যাটা বাড়িয়ে ১২৬টি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেলা শুরু হওয়ার পরে শুক্রবার থেকে স্পেশাল ট্রেনের পরিষেবা চালু হবে। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। অতীতে রাত ১২ টা থেকে ভোর চারটে পর্যন্ত সাধারণত শিয়ালদা থেকে নামখানা এবং শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেন চালানো হত না। এবার সেই ব্যবস্থাও থাকছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More