IT Raid in Debashish Kumar's House: দেবাশিস কুমারের বাড়ি-অফিসে আয়কর হানা, 'এজেন্টদের ফাইল নিয়ে নেওয়ার' অভিযোগ তৃণমূলের
Debasish Kumar: দেবাশিসকে কয়েকদিন আগেই ইডি তলব করেছিল। আর এবার আয়কর দফতরের অভিযান তাঁর বাড়িতে। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে।
সকাল সকাল তৃণমূল প্রার্থীর বাড়ি ও অফিসে আয়কর আধিকারিকদের হানা। জানা গিয়েছে, মনোহরপুকুর রোডে অবস্থিত বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে আজ সকালবেলা পৌঁছে যান আয়কর বিভাগের অফিসাররা। শুরু হয় তল্লাশি। তৃণমূল নেতার অফিসেও অভিযান চালানো হয়। উল্লেখ্য, দেবাশিসকে কয়েকদিন আগেই ইডি তলব করেছিল। আর এবার আয়কর দফতরের অভিযান তাঁর বাড়িতে। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। বিধায়ক হওয়ার আগে দীর্ঘদিন ধরে কাউন্সিলর থেকেছেন দেবাশিস কুমার। একুশের বিধানসভায় রাসবিহারী কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তিনি। এবারও তিনি রাসবিহারী কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে ঢুকে এজেন্টদের ফাইল নিয়ে নিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। এই আবহে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন দেবাশিসের অফিসের বাইরে বসে। এদিকে গোটা জায়গা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভরত তৃণমূল কর্মীদের দাবি, রাসবিহারী কেন্দ্রের পাশাপাশি বালিগঞ্জ কেন্দ্রের কাজও চলছে সেই অফিস থেকে। এই আবহে ঘাসফুর শিবিরের অভিযোগ, বিএলএ, এজেন্টদের নাম, তথ্য, ফোন নম্বর সব বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আবহে অপর এক বিদায়ী মন্ত্রী তথা প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ওই অফিসে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এর আগে মার্চের শেষের দিকে কলকাতা ও আশপাশের বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। একটি সংস্থার একাধিক দফতরে তল্লাশি চলেছে। সূত্রের খবর, জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই তদন্ত চলছে। ওই তল্লাশি অভিযানের পর ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। নির্ধারিত সময় মতই কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে হয় তাঁকে।
এই মামলায় দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। অভিযোগ, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের 'ঘনিষ্ঠ'।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


