Jadavpur Research Scholar: বিশ্বমঞ্চে বাংলার মেধা! গুগলের পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক ছাত্র
Jadavpur Research Scholar: অভিরূপ চট্টোপাধ্যায়ের শৈশব ও স্কুলজীবন কেটেছে শান্তিনিকেতনে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন।
Jadavpur Research Scholar: বড় স্বপ্ন দেখতে গেলে সব সময় বড় পরিকাঠামোর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় নতুন করে ভাবার সাহস, অজানাকে জানার আগ্রহ আর নিরন্তর গবেষণার তাগিদ। সেই চেষ্টারই আন্তর্জাতিক স্বীকৃতি অভিরূপ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে নতুন পালক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার গুগলের পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম (Google PhD Fellowship 2026)-এ সুযোগ পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র অভিরূপ চট্টোপাধ্যায় (Abhiroop Chatterjee)। এর আগে কোনও ছাত্র গুগলে ফেলোশিপের সুযোগ পায়নি। স্বাভাবিকভাবেই ছাত্রের সাফল্যে আনন্দিত গোটা বিশ্ববিদ্যালয়ই।

জানা গেছে, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় অভিরূপ চট্টোপাধ্যায়ের কাজই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতামূলক গবেষণা মঞ্চে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অভিরূপের গবেষণার মূল লক্ষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেলগুলিকে কীভাবে আরও দ্রুত, কম খরচে এবং নির্ভরযোগ্য করে তোলা যায় তা নিশ্চিত করা।
অভিরূপ চট্টোপাধ্যায়ের শৈশব ও স্কুলজীবন কেটেছে শান্তিনিকেতনে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। স্নাতকোত্তর শেষ করার পর, তিনি একই প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং নিয়ে গবেষণায় যুক্ত হন। নিজের আগ্রহ ও ভালোবাসাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণা শুরু করেন। অভিরূপের সুপারভাইজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সুস্মিতা ঘোষ জানান, অভিরূপ মূলত ফাউন্ডেশন মডেল তৈরির ওপর কাজ করছেন। তাঁর গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিপ লার্নিং আর্কিটেকচারের অন্তর্গত রিপ্রেজেন্টেশন লার্নিং, ডোমেইন অ্যাডাপটেশন এবং মাল্টিমোডাল লার্নিং। তাঁর কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভিশন-ভিত্তিক ডেটাকে ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে সমন্বিত করা। এবার তাঁকে আর পড়াশোনার খরচ নিয়ে ভাবতে হবে না। পুরো খরচই জোগাবে গুগল।
অভিরুপ চট্টোপাধ্যায় বলেন, 'আমার এই গবেষণার কাজের পিছনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। অধ্যাপকও আমাকে খুব সাহায্য করছেন। আমি নিজেই বিষয়টি গুগলের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি। আমি খুব খুশি। আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করছি সেটা আধুনিক যুগের জন্য খুবই প্রয়োজনীয়।' এরই সঙ্গে তিনি সংযোজন করেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন কথা হয় ঠিকই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনাও হয়।'
গুগল পিএইচডি ফেলোশিপ
গুগল পিএইচডি ফেলোশিপ হল কম্পিউটার সায়েন্স ও সেই সম্বন্ধীয় ক্ষেত্রে গবেষণারত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান ও আর্থিক সহায়তা কর্মসূচি। এ বছর গুগল বিশ্বের ৩৮টি দেশের ১৪৮ জন পিএইচডি গবেষককে এই ফেলোশিপ প্রদান করেছে। গুগল ডট ওআরজি (Google.org)-এর পক্ষ থেকে এই গবেষণার জন্য মোট ১ কোটি ৩০ লক্ষ ডলার আর্থিক সহায়তা করা হচ্ছে। ভারত থেকে এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন মাত্র তিনজন গবেষক, তার মধ্যে অভিরূপ চট্টোপাধ্যায় একজন, যা তাঁর এই সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
E-Paper
