Doctors Protest March: মেডিক্যাল কলেজে হামলার প্রতিবাদ! জুনিয়র চিকিসকদের বৌবাজার থানা পর্যন্ত মিছিল শেষমেশ…

Doctors Protest March: পুরো বিতর্কের সূত্রপাত হয় চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর, যখন মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা প্রকাশ্যে ওষুধের ঘাটতি এবং হাসপাতাল পরিচালনার ত্রুটি সংক্রান্ত অভিযোগ সামনে এনেছিলেন।

Published on: Nov 26, 2026, 23:20:05 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Doctors Protest March: কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বৃহস্পতিবার সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের একাংশের বৌবাজার থানা (Boubazar Police Station) পর্যন্ত মিছিল করার কর্মসূচি ছিল। সেই মতো বৌবাজার থানায় ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে বেলা গড়াতেই কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সেই মিছিল বেরোতেই বদলে গেল ছবি। কোথাও বাধা দেওয়া তো দূরস্ত, বরং পুলিশ নিজেই দায়িত্ব নিয়ে মিছিল এগিয়ে নিয়ে গেল বৌবাজার থানা পর্যন্ত।

কলকাতা মেডিক্যাল কলেজ (সৌজন্যে এক্স)
কলকাতা মেডিক্যাল কলেজ (সৌজন্যে এক্স)

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনায় আগেই বৌবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এই ঘটনায় বৃহস্পতিবার বৌবাজার থানায় তলব করা হয় তিন ইনটার্ন চিকিৎসককে। তাঁদের নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের গেট থেকে থানা পর্যন্ত মিছিল করার কর্মসূচি নিয়েছিলেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। মিছিলের অনুমতি চেয়ে বুধবারই বৌবাজার থানায় ইমেল পাঠিয়েছিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।’ বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে বৌবাজার থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল। সেখানে পৌঁছে হামলার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি নিজেদের দাবি তুলে ধরার পরিকল্পনাও ছিল তাঁদের।

কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে পুলিশের তরফে ইমেল করে উদ্যোক্তাদের বলা হয়, মিছিল করে থানা অভিযানের অর্থ, তদন্তপ্রক্রিয়া এবং আইনের কাজে বাধাদান করা। এই মিছিল আইনশৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে। একই সঙ্গে পুলিশের তরফে জানানো হয়, মিছিল বেরোলে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হবে। ফলে চিকিৎসকদের প্রস্তাবিত মিছিল ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও, তা শেষপর্যন্ত সম্পন্ন হয়েছে। থানার ভিতরে গিয়ে ১৭ নভেম্বরের হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন মেডিক্যাল কলেজ স্টুডেন্টস কাউন্সিল, ডব্লিউবিজেডিএফ-সহ অন্য সিনিয়র চিকিৎসক সংগঠনগুলি।

পুরো বিতর্কের সূত্রপাত হয় চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর, যখন মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা প্রকাশ্যে ওষুধের ঘাটতি এবং হাসপাতাল পরিচালনার ত্রুটি সংক্রান্ত অভিযোগ সামনে এনেছিলেন। এরপর আট জন ইন্টার্নকে শোকজ (কারণ দর্শানোর) করেছিলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই শোকজ প্রত্যাহারের দাবিতে মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকদের একাংশ। ১৮ নভেম্বর রাতে অধ্যক্ষ ইন্দ্রনীলকে ঘেরাও করা হয়। অভিযোগ সেখানে বাইরে থেকে কয়েক জন ঢুকে হামলা চালান। নাম জড়ায় এবিভিপি-র। ভাঙা হয় অধ্যক্ষের ঘরের বাইরে করিডরের কাচ। সব মিলিয়ে গত কয়েক দিন ধরে উত্তপ্ত মেডিক্যাল কলেজ। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। শোকজের প্রতিবাদে ইন্টার্নদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনীরাও। মুখ খুলেছেন আরজি কর আন্দোলনের অনেক ‘নেতা’ও।

কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনার তদন্তের জন্য স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৌবাজার থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। এরই মধ্যে হাসপাতালের উপাধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের করেন যে ছাত্রদের ঘেরাও চলাকালীন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে গত ১৯ নভেম্বর তিন জন চিকিৎসককে তিন দিনের মধ্যে হাজির হওয়ার সমন পাঠায়। মাঝখানে ছুটি থাকায় তিনজন ইনটার্ন-এর বৃহস্পতিবার থানায় হাজির হওয়ার কথা ছিল।