Kolkata Local Train Latest Update: ৫ থেকে ১৯ সেপ্টেম্বর বদলাচ্ছে লোকাল ট্রেনের রুট, কাটছাঁট রুটে, জানুন বিশদ
প্রতিমা নিরঞ্জনের জেরে কলকাতার রেল পরিষেবায় সাময়িক পরিবর্তন আনল পূর্ব রেল। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাটকে কেন্দ্র করে একাধিক লোকালের যাত্রাপথ কাটছাঁট ও পরিবর্তন করা হয়েছে।
উৎসবের মরশুমে প্রতিমা নিরঞ্জনের জেরে কলকাতার রেল পরিষেবায় সাময়িক পরিবর্তন আনল পূর্ব রেল। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাটকে কেন্দ্র করে একাধিক লোকালের যাত্রাপথ কাটছাঁট ও পরিবর্তন করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ লোকাল, ৩০৩১২ বারাসত-মাঝেরহাট লোকাল এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সাময়িকভাবে কমিয়ে টালা স্টেশন পর্যন্ত করা হবে। অর্থাৎ এই ট্রেনগুলি নির্ধারিত সময়ের মধ্যে মাঝেরহাটে পৌঁছবে না।
উল্টো দিকে ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর এবং ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকালও মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে না। এই ট্রেনগুলির যাত্রা শুরু হবে টালা স্টেশন থেকে। তাই মাঝেরহাট বা তার কাছাকাছি এলাকার যাত্রীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
এছাড়াও ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। এই ট্রেনটি শুধুমাত্র বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলবে। মাঝেরহাট পর্যন্ত পৌঁছবে না।
অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ ট্রেনকে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে ঘুরপথে মাঝেরহাট পর্যন্ত যাবে। একইভাবে ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকালও বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড হয়ে বিকল্প পথে চলবে।
৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট লোকাল এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকালও স্বাভাবিক পথে চলবে না। এই দু’টি ট্রেনকে মাঝেরহাট থেকে বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে যাত্রাপথে কিছুটা পরিবর্তন আসবে এবং সময়ের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।
এছাড়াও ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল মাঝেরহাট থেকে না ছেড়ে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদীবাগ লোকালকে মাঝেরহাট পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেলের এই সিদ্ধান্ত মূলত প্রতিমা নিরঞ্জনকে ঘিরে সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। বাবুঘাট এলাকায় একসঙ্গে বহু মানুষের জমায়েত হলে রাস্তা ও রেলপথ—দুই ক্ষেত্রেই নিরাপত্তার চাপ বাড়ে। তাই আগেভাগেই ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে। ফলে যাঁরা শিয়ালদহ, বালিগঞ্জ, মাঝেরহাট, টালা, কাঁকুড়গাছি রোড, বারাসত, দত্তপুকুর বা নৈহাটি রুটে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের ট্রেনের নম্বর এবং কোথা থেকে ট্রেন ছাড়ছে, তা ভালোভাবে দেখে যাত্রা করা জরুরি।
উৎসবের আনন্দের মাঝেও যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায়, সেজন্য রেলের এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট পাঁচ দিন ট্রেন পরিষেবায় এই সাময়িক বদল থাকলেও পরে পরিষেবা ফের স্বাভাবিক হওয়ার কথা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


