Kolkata Police Inspector suspended: মুখ্যমন্ত্রী সম্পর্কে 'আপত্তিকর' মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর
Kolkata Police Inspector suspended: নিয়ম অনুযায়ী, সাসপেনশন চলাকালীন অভিযুক্ত ইনস্পেক্টর তাঁর মূল বেতনের মাত্র অর্ধেক এবং অন্যান্য কিছু নির্দিষ্ট প্রাপ্য ভাতা পাবেন, যা সরকারি পরিভাষায় ‘সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স’ বা জীবিকা নির্বাহ ভাতা হিসেবে পরিচিত।
Kolkata Police Inspector suspended: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিলম্বিত বা সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে (Kolkata Police Inspector)। তাঁর নাম একলাখ আহমেদ (Ekhlaque Ahmed)। তিনি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ইনচার্জ ছিলেন। ৯ নভেম্বর ২০২৬, সোমবার বিকেল থেকেই তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর সাসপেনশনের মেয়াদে বেতন অর্ধেক কাটার সিদ্ধান্তের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

কী অভিযোগ?
ঘটনার সূত্রপাত গত রবিবার দুপুরে। ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া কর্মীদের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল। অভিযোগ, সেই গ্রুপেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন ইনস্পেক্টর একলাখ আহমেদ। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে ওই গ্রুপে তীব্র অসন্তোষ ও বিতর্কের ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পুলিশ আধিকারিক দ্রুত তাঁর সেই বিতর্কিত পোস্টটি মুছে দেন এবং গ্রুপে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু ততক্ষণে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি লালবাজারের শীর্ষকর্তাদের কাছে পৌঁছতে সময় লাগেনি। পরবর্তীতে পুলিশ কমিশনারের নির্দেশে ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
কলকাতা পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ওই পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তাঁর এই আচরণ সরকারি কাজের স্বার্থের পরিপন্থী। সেই কারণেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ইনস্পেক্টর আগে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ইনচার্জ ছিলেন। সম্প্রতি তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল। অর্থাৎ, বদলির পরই তাঁর বিরুদ্ধে এই সাসপেনশনের নির্দেশ জারি হল। নিয়ম অনুযায়ী, সাসপেনশন চলাকালীন অভিযুক্ত ইনস্পেক্টর তাঁর মূল বেতনের মাত্র অর্ধেক এবং অন্যান্য কিছু নির্দিষ্ট প্রাপ্য ভাতা পাবেন, যা সরকারি পরিভাষায় ‘সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স’ বা জীবিকা নির্বাহ ভাতা হিসেবে পরিচিত। একই সঙ্গে তাঁর কাছে থাকা সমস্ত সরকারি কিট ও জিনিসপত্র অবিলম্বে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পুলিশকর্মীদের বিতর্কিত পোস্ট বা মন্তব্য ঘিরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনা এই প্রথম নয়। এপ্রিলে এক কনস্টেবল এবং জুলাইয়ে দুই ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের বিরুদ্ধেও অনলাইন কার্যকলাপ ঘিরে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এহেন ঘটনার পরেই কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুলিশ আধিকারিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে। কারণ প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে, তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে। ফলে সোশাল মিডিয়ায় কোনও বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে যেন সকলে সচেতন থাকেন। কিন্তু এরপরেও সোশ্যাল মিডিয়ায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করে এবার সাসপেন্ড হলেন ইনসপেক্টর একলাখ আহমেদ। প্রশাসনিক গণ্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তরজা। আপাতত বিভাগীয় তদন্তে এই ঘটনার গভীরে আর কী কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
E-Paper

