Leander Paes: তৃণমূল এখন অতীত, কিংবদন্তি লিয়েন্ডার পেজ কি এবার যোগ দেবেন বিজেপিতে?

সাম্প্রতিককালে রাজনীতির ময়দানে সক্রিয় হতে দেখা যায়নি লিয়েন্ডারকে। তবে সাড়ে ৪ বছর আগে গোয়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন লিয়েন্ডার। যদিও ভোটের পরে তাঁকে আর সেভাবে রাজনীতির কোর্টে দেখা যায়নি।

Published on: Mar 25, 2026, 09:08:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আর এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন অলিম্পিক পদকজয়ী এই কিংবদন্তি! উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজনীতির ময়দানে সক্রিয় হতে দেখা যায়নি লিয়েন্ডারকে। তবে সাড়ে ৪ বছর আগে গোয়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন লিয়েন্ডার। যদিও ভোটের পরে তাঁকে আর সেভাবে রাজনীতির কোর্টে দেখা যায়নি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। (PTI)
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। (PTI)

উল্লেখ্য, দুদিনের সফরে বাংলায় এসেছেন নীতিন নবীন। সেই সফরকালে ২৪ মার্চ লিয়েন্ডার পেজ দেখা করেন নবীনের সঙ্গে। এরপরই শুরু হয় জল্পনা। রিপোর্টে দাবি করা হয়েছে, বিজেপির তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেছেন যে নবীন এবং লিয়েন্ডারের বৈঠক ইতিবাচক ছিল। যদিও বিজেপি কিংবা লিয়েন্ডারের তরফে এই সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে, নবীন এবং লিয়েন্ডারের বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর গোয়ার পানাজিতে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার পেজ। ২০২২ সালের গোয়া বিধানসভা ভোটের আগে লিয়েন্ডারকে দলে টেনেছিল ঘাসফুল শিবির। তবে গোয়ায় তৃণমূলের ৬৯ সদস্যের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়নি লিয়েন্ডারকে। এরপর বিগত বছরগুলিতে তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি প্রাক্তন টেনিস তারকাকে। তারও আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছিলে। সেসময় কংগ্রেসের টিকিটে গোয়া থেকে তাঁর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে সেবারও ভোটে লড়া হয়নি লিয়েন্ডারের। তবে এবার বিজেপিতে যোগদান করলে তিনি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। লিয়েন্ডারের মতো তারকাকে বিজেপি টিকিট দিলে সংখ্যালঘু বিদ্বেষ নিয়ে অভিযোগের জবাব দিতে পারবেন তারা।

নিজের দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে লিয়েন্ডার পেজ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছেন, সর্বাধিক মিক্সড ডাবলস গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন, ডেভিস কাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জমিতেছেন, ডাবলসে এককভাবে বিশ্বের এক নম্বর হয়েছিলেন। এহেন টেনিস সুপারস্টার দলে যোগ দিলে বাঙালি শহুরে ভোটারদের মন জয় করা সম্ভব হবে বলে আশা করছে বিজেপি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More