Leasing Indian Lands to Bangladeshis in Border: বাংলাদেশিদের ‘লিজ’ ভারতীয় জমি! সীমান্তে কড়া বিএসএফ, বাড়ল নজরদারি
কিছু ভারতীয় কৃষক বাংলাদেশি নাগরিকদের মৌখিক চুক্তির মাধ্যমে জমি লিজ দিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ। বিনিময়ে টাকা লেনদেনও হত। নিরাপত্তার নজর এড়িয়ে সেই লেনদেন অনলাইনের মাধ্যমে করা হত বলেও অভিযোগ সামনে এসেছে।
Leasing Indian Lands to Bangladeshis in Border: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় কৃষকদের জমি বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে আসতেই কড়া অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট বিধানসভা এলাকার সীমান্তবর্তী অঞ্চলে। অভিযোগ, কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কৃষিজমি দীর্ঘদিন ধরেই সমস্যার কারণ হয়ে উঠেছে। সীমান্তের শূন্যরেখার কাছে থাকা জমিতে চাষ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ভারতীয় কৃষকদের। ফসল ফলানোর পর বাংলাদেশি দুষ্কৃতীরা জোর করে সেই ফসল কেটে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ফলে বারবার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

এই পরিস্থিতিতে কিছু ভারতীয় কৃষক বাংলাদেশি নাগরিকদের মৌখিক চুক্তির মাধ্যমে জমি লিজ দিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ। বিনিময়ে টাকা লেনদেনও হত। নিরাপত্তার নজর এড়িয়ে সেই লেনদেন অনলাইনের মাধ্যমে করা হত বলেও অভিযোগ সামনে এসেছে। জমি চাষের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে যাতায়াতের সুযোগ তৈরি হচ্ছিল বলে মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি।
বিষয়টি প্রকাশ্যে আসার পর ভাটুপাড়া গ্রামে জরুরি বৈঠক করে বিএসএফ। বৈঠকে উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ, স্থানীয় প্রধান শম্পা মন্ডল, গ্রামবাসী এবং জনপ্রতিনিধিরা। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে সেখানে আলোচনা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে শূন্যরেখা এবং কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় জমির দিকে নজর রাখা হচ্ছে। কোথাও সন্দেহজনক যাতায়াত বা বেআইনি লেনদেন হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিধায়ক সুব্রত কবিরাজ জানিয়েছেন, সীমান্ত এলাকার ভারতীয় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ বদ্ধপরিকর। ভারতীয় ভূখণ্ডে কোনওভাবেই বাংলাদেশি নাগরিকদের অবাধ উপস্থিতি মেনে নেওয়া হবে না। কোনও কৃষক গোপনে বাংলাদেশি নাগরিককে জমি লিজ দিলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। সীমান্তে সন্দেহভাজন কাউকে দেখা গেলেই দ্রুত বিএসএফকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তেহট্ট নয়, সীমান্তের অন্যান্য সংবেদনশীল এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তা আধিকারিকদের মতে, সীমান্ত এলাকায় জমি চাষের নামে অবাধ যাতায়াত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অতীতে এমন সুযোগ নিয়ে ভারতীয় কৃষক এবং বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগও উঠেছে। তাই এখন জমি লিজ, বেআইনি লেনদেন এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। ভারতীয় ভূখণ্ডের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করছে বিএসএফ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


