Lionel Messi Latest Update: অবসরের ২৪ ঘণ্টা কাটতেই মেসির কলকাতায় ফেরার জল্পনা! এবার মাঠে নেমে খেলতেও পারেন

৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবং বাবার মৃত্যুর ধাক্কার মধ্যেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি। তিনি এখনও ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

Updated on: Sep 1, 2026, 12:50:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর এখনও ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য সামনে এল বড় সুখবর। ফের তিলোত্তমায় পা রাখতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা। তবে এবার শুধু যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারির দিকে তাকিয়ে হাত নেড়ে ফিরে যাওয়া নয়, মেসিকে মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে বলে শুরু হয়েছে জোর জল্পনা।

৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। (AFP)
৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। (AFP)

৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবং বাবার মৃত্যুর ধাক্কার মধ্যেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি। তিনি এখনও ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

এই পরিস্থিতিতেই কলকাতায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখিয়েছেন ‘গোট ট্যুর’-এর আয়োজক শতদ্রু দত্ত। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখনও শহরের ফুটবলপ্রেমীদের মনে তাজা। সেই সফরে মেসিকে দীর্ঘক্ষণ মাঠে দেখতে না পেয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছিল। পরবর্তীতে মেসির দলের পক্ষ থেকেও নিরাপত্তা ও নির্ধারিত প্রোটোকল ভাঙার অভিযোগ সামনে আসে।

সেই ঘটনার পরও হাল ছাড়েননি শতদ্রু। ২০২৬ সালের বিশ্বকাপ চলাকালীনও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আবার মেসিকে কলকাতায় আনার চেষ্টা চলছে। তাঁর সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনাই কার্যত আরও জোরাল হয়েছে। এর আগেও শতদ্রু জানিয়েছিলেন, মেসিকে ভারত ও বাংলাদেশে আনার জন্য তিনি কাজ করছেন।

এবার শতদ্রুর কথাতেই আরও স্পষ্ট হল পরিকল্পনা। মেসির অবসর প্রসঙ্গে তিনি জানান, জাতীয় দলের হয়ে খেলার চাপ, বয়স এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে তাঁর মনে হয়েছিল মেসি এবার ক্লাব ফুটবলেই বেশি মন দেবেন। এরপরই তিনি মেসিভক্তদের আশার খবর দেন—আগামী বছর ফের মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন তিনি। তবে এবার মেসি শুধু অতিথি হিসেবে নয়, ‘ফুটবলার হিসাবেই’ তিলোত্তমায় আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন শতদ্রু।

এর নেপথ্যে রয়েছে ইন্টার মায়ামির সম্ভাব্য প্রাক-মরশুম সফরের পরিকল্পনা। সূত্রের খবর, আগামী বছর দক্ষিণ এশিয়ায় প্রস্তুতি ম্যাচ বা প্রাক-মরশুম সফরে আসতে পারে ইন্টার মায়ামি। সেই সফরের সম্ভাব্য গন্তব্যের তালিকায় কলকাতা এবং বাংলাদেশও রয়েছে বলে জল্পনা। শতদ্রু দত্তের উদ্যোগেই এই সফর বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে বড় বিষয়, ইন্টার মায়ামি দলগতভাবে প্রাক-মরশুম প্রস্তুতি নিতে এলে মেসির মাঠে নামার সম্ভাবনাও থাকবে। অর্থাৎ এবার কলকাতার দর্শকদের সামনে মেসিকে বল পায়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ইন্টার মায়ামির তরফে কলকাতা সফর বা মেসির খেলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই আপাতত বিষয়টি আলোচনার স্তরেই রয়েছে।

২০২৫ সালের সেই বিতর্কিত সফরের পুনরাবৃত্তি যাতে আর না হয়, সে বিষয়েও এবার বিশেষভাবে সতর্ক থাকতে চান শতদ্রু। নিরাপত্তা, দর্শক নিয়ন্ত্রণ এবং মাঠে প্রবেশের ব্যবস্থা—সবকিছু আরও নিখুঁত করার লক্ষ্য নিয়েই এগোতে চান আয়োজকরা।

ফলে মেসির আন্তর্জাতিক বিদায়ের বিষাদের মধ্যেই কলকাতার ফুটবলপ্রেমীদের সামনে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। জাতীয় দলের জার্সিতে নয়, এবার হয়তো ইন্টার মায়ামির জার্সিতে কলকাতার মাঠে দেখা যেতে পারে ফুটবলের মহাতারকাকে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে তিলোত্তমা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More