CM Suvendu Adhikari: 'দয়া করে ফিরে আসুন!' নিউটাউনে L&T-র 'আনন্দ নিকেতন' উদ্বোধন করে কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ডবল ইঞ্জিন সরকার। এই ক্যাম্পাস একটি বার্তা বহন করছে, আবার বাংলা শীর্ষ স্থানে যেতে পারে।

Published on: Aug 27, 2026, 14:30:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CM Suvendu Adhikari: কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে চালু হল লারসেন অ্যান্ড টুব্রো (L&T) এবং এলটিআইমাইন্ডট্রি (LTIMindtree)-র অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন।’ বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে এই মেগা প্রজেক্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই অফিস। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনের এই ক্যাম্পাসে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বাংলার যে সমস্ত দক্ষ ও মেধাবী যুবক-যুবতী কর্মসংস্থানের কারণে বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা বিদেশে পাড়ি দিয়েছেন, তাঁদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।'

নিউটাউনে L&T-র 'আনন্দ নিকেতন' উদ্বোধন করে কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর (@cmowbgov)
নিউটাউনে L&T-র 'আনন্দ নিকেতন' উদ্বোধন করে কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর (@cmowbgov)

এদিন নিউটাউনে এল অ্যান্ড টির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ডবল ইঞ্জিন সরকার। এই ক্যাম্পাস একটি বার্তা বহন করছে, আবার বাংলা শীর্ষ স্থানে যেতে পারে। ডবল ইঞ্জিন সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। ছোট শিল্প উদ্যোগকে সাহায্য করবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, রাজ্যে আরও বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলের স্বপ্ন দেখিয়ে রাজ্যের বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবক-যুবতীদের রাজ্যে ফেরার আহ্বানও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারে ব্যর্থতা নিয়ে খোঁচাও দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কথায়, 'রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনও অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।' আগামীকাল রাখীবন্ধন উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে চার হাজার অনুষ্ঠান হবে বলেও জানিয়েছেন তিনি। এই বছরের রাখীবন্ধন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, তাকে দেশপ্রেমের অনুষ্ঠান বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বারের রাখীপূর্ণিমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এ বছর পশ্চিমবঙ্গ সরকার রাখীবন্ধনকে দেশপ্রেমের বন্ধন হিসেবে উদযাপন করবে। নরেন্দ্র মোদীর নেতৃত্ব পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে কোটি কোটি মানুষ হাতে হাত রেখে শপথ নেবে।’