IPS Officer Ajay Pal Sharma: নর্তকীদের সঙ্গে যোগীরাজ্যের 'সিংঘম!' ভিডিও প্রকাশ করে খোঁচা মহুয়ার, পাশে অখিলেশও

IPS Officer Ajay Pal Sharma: অজয় পাল শর্মার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ায় নানা মহলে নানা প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডলে পোস্ট করে এর তীব্র নিন্দা করেছেন।

Published on: Apr 28, 2026, 12:40:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

IPS Officer Ajay Pal Sharma: দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁর হুমকি, হুঁশিয়ারির ভিডিও ভাইরাল। এবার তাঁর গোপন ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।

যোগীরাজ্যের 'সিংঘম'-এর ভিডিও পোস্ট করে তোপ মহুয়া মৈত্রর (সৌজন্যে টুইটার)
যোগীরাজ্যের 'সিংঘম'-এর ভিডিও পোস্ট করে তোপ মহুয়া মৈত্রর (সৌজন্যে টুইটার)

ঘটনার সূত্রপাত

২৯ এপ্রিল, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার ঠিক দু’দিন আগে সোমবার অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয় (যদিও ওই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।' সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল। অভিযোগ ওঠে, তিনি তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে আচরণ করছেন। অন্যদিকে, জাহাঙ্গি খান বলেছেন, উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক ‘সিংঘম’ হলে তাঁরাও এক এক জন ‘পুষ্পা।’ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণে কেউ মাথানত করবেন না।

মহুয়া মৈত্রের বার্তা

এই আবহেই ওই আইপিএস অফিসারকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন মহুয়া মৈত্র। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, চটুল হিন্দি গানে নাচছেন স্বল্পবসনা নর্তকীরা। কয়েক জন যুবকের মনোরঞ্জন করছেন তাঁরা (ভিডিওর সত্যতা বিচার করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। নর্তকীদের সঙ্গে দৃশ্যমান যুবকটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ বলে দাবি করেছেন মহুয়া। এক্স হ্যান্ডলে আইপিএস অফিসারকে উদ্ধৃত (মেনশন) করে তিনি লিখেছেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া- ফ্যান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভাল লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল।’ আরও একটি নাচের ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘আশা করি, আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভাল...।’

অজয় পাল শর্মার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ায় নানা মহলে নানা প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডলে পোস্ট করে এর তীব্র নিন্দা করেছেন। তাঁর মতে, পুলিশ অফিসারের যেসব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, তা উত্তরপ্রদেশের লজ্জা এবং বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এক চূড়ান্ত নজির। এদিকে, এখন তৃণমূলের দাবি, কমিশন কী মনে করছে যে, ভোটে এমন কিছু ঘটবে যার জন্য ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’-কে আনতে হবে? নাকি ভয়ের পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ?

কী বলছে বিজেপি?

ফলতার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্জা। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য অজয় পালকে ‘সিংঘম’ তকমা দিয়ে জানিয়েছেন, অপরাধীদের দমানোর এটাই সঠিক রাস্তা। অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, ‘বার্তা পরিষ্কার: বহাল থাকবে আইনের শাসন, চলবে না হুমকি, অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বিরুদ্ধে তাই সময় নষ্ট নয়।’

সব মিলিয়ে, ভোটের মুখে এক প্রশাসনিক আধিকারিককে ঘিরে এই ধারাবাহিক বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। এখন নজর, নির্বাচন কমিশন এই অভিযোগ ও পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ নেয়।