Agnimitra Paul: পাড়ায় যাবে ঠাকুরের ছবি লাগানো গাড়ি, বাজবে ঠাকুরের গান! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Agnimitra Paul: পুজোয় ব্যবহৃত বাসি ফুল দিয়ে ধূপ ও আবির তৈরির পরিকল্পনা আগেই জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই বাসি ফুল গৃহস্থ বাড়ি থেকে কীভাবে সংগ্রহ করা হবে, এবার সেই পন্থা জানিয়েছেন তিনি।

Published on: Nov 23, 2026, 13:58:52 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Agnimitra Paul: বাড়িতে পুজোর পর বাসি ফুল নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। ঠাকুরের ফুল বলে যেখানে সেখানে ফেলতেও চান না। তাই অনেকেই সেই ফুল পুকুর বা নদীতে ফেলে দেন। তবে এবার আর তা করতে হবে না। বাড়ি থেকে পুজোর ফুল সংগ্রহ করতে আসবে বিশেষ গাড়ি। সেই গাড়িতে থাকবে ঠাকুরের ছবি, বাজবে ভক্তিগানও। এমনই নতুন পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (PTI)
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (PTI)

কিন্তু কীভাবে ফুল সংগ্রহ করা হবে?

পুজোয় ব্যবহৃত বাসি ফুল দিয়ে ধূপ ও আবির তৈরির পরিকল্পনা আগেই জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই বাসি ফুল গৃহস্থ বাড়ি থেকে কীভাবে সংগ্রহ করা হবে, এবার সেই পন্থা জানিয়েছেন তিনি। রবিবার দুর্গাপুর নগর নিগমে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবার বাড়ি বাড়ি গিয়ে পুজোর বাসি ফুল সংগ্রহ করা হবে। সেই ফুল দিয়েই তৈরি হবে ধূপ ও আবির। মন্ত্রীর কথায়, 'ঠাকুরঘরে যে ফুল থাকে তা যেন প্যাকেটে করে পুকুরে ফেলে দিই। সেগুলি পুকুরে না ফেলে একটি প্যাকেটে ভরে সারা সপ্তাহ রেখে দেবেন। সপ্তাহে একদিন একটি গাড়ি যাবে। সেই গাড়িটা আমরা সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি ঠাকুর দেবতার ছবি দিয়ে। ঠাকুর দেবতার গান বাজবে। গানটি শোনামাত্রই আপনি বুঝবেন ঠাকুরঘরের ফুল নিতে গাড়িটি এসেছে। কবে গাড়ি আসবে তা আমরা স্থির করে দেব। সেদিন ওই গাড়িতে দিয়ে দেবেন। ওই ফুল রিসাইকেল করে ধূপ, আবির তৈরি হবে।'

প্রথম কোথায় চালু হবে এই ব্যবস্থা?

জানা গিয়েছে, প্রথমে আসানসোল থেকে এই কাজ শুরু হবে। শুধু বাড়ি নয়, বিভিন্ন মন্দির থেকেও পুজোর ফুল সংগ্রহ করা হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির থেকেও ফুল নেওয়ার পরিকল্পনা রয়েছে।

হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী, যে কোনও পুজোয় ফুল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। পুজো হয়ে গেলেও পড়ে থাকা ফুল নিয়েও রয়েছে সাধারণ মানুষের নানা রকমের সংস্কার। ভগবানের পায়ে থাকা ফুলে যেখানে সেখানে ফেলতে চান না অনেকেই! যদিও পরে সেই ফুলই আবর্জনার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিংবা পুকুর, নদীতে ফেলে দেওয়া হয়। এতে জল দূষণের আশঙ্কা থাকে। সেই কারণেই বাসি ফুল কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী সংগ্রহ করা ফুল দিয়ে তৈরি হবে ধূপ ও আবির। ফুলের নির্যাস বেরোবে ধূপের সুগন্ধে, এমনই উদ্যোগের কথা আগেই জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এতে একদিকে যেমন পুজোর ফুল কাজে লাগবে, তেমনই পরিবেশ দূষণও কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।