Maldah BJP Worker Murder: মালদহে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে চলল গুলিও! কাঠগড়ায় তৃণমূল

পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক কারণে হুমকির মুখে পড়ছিলেন সমীর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আতঙ্কে বাড়ি থেকে বেরোতেও ভয় পেতেন তিনি। কিন্তু দশমীর সন্ধ্যায় বাড়িতে একা থাকার সুযোগেই তাঁর উপর হামলা চালানো হয় বলে দাবি পরিবারের।

Published on: Oct 22, 2026, 10:54:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দশমীর সন্ধ্যায় মালদহে রক্তাক্ত ঘটনা। বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ধারালো অস্ত্রের আঘাতের পর তাঁকে লক্ষ্য করে দু’বার গুলিও চালানো হয় বলে দাবি পরিবারের। ইংরেজবাজার থানার রামকেলি এলাকার এই ঘটনায় মৃতের নাম সমীর ঘোষ (২৭)। হামলার নেপথ্যে স্থানীয় তৃণমূল কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। যদিও পালটা অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল কর্মীরাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক কারণে হুমকির মুখে পড়ছিলেন সমীর।
পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক কারণে হুমকির মুখে পড়ছিলেন সমীর।

পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক কারণে হুমকির মুখে পড়ছিলেন সমীর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আতঙ্কে বাড়ি থেকে বেরোতেও ভয় পেতেন তিনি। কিন্তু দশমীর সন্ধ্যায় বাড়িতে একা থাকার সুযোগেই তাঁর উপর হামলা চালানো হয় বলে দাবি পরিবারের।

মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ, প্রায় ১০ থেকে ১১ জনের একটি দল তাঁদের বাড়িতে ঢুকে সমীরের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। বিবেকের দাবি, তাঁর দাদা দীর্ঘ দিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বিবাদও চলছিল। সেই রাজনৈতিক বিরোধের জেরেই এই হামলা বলে মনে করছে পরিবার।

তৃণমূলের পালটা অভিযোগ

ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। সমীরের পরিবারের অভিযোগের আঙুল যখন স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে, তখন পালটা হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, তাঁদের পরিবারের সদস্যদের উপরও আক্রমণ হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফলে দশমীর সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল, কারা হামলা চালিয়েছিল এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখাই এখন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ।

তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমীরের দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরিবারের সদস্য এবং আত্মীয়দের বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় খুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। রাজনৈতিক বিবাদই হামলার কারণ কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা এবং ঘটনার ধারাবাহিকতা খতিয়ে দেখা হবে।

মালদহে পুজোর আবহে এই খুনের ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক সংঘাতের অভিযোগ ওঠায় পরিস্থিতির দিকে নজর রয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিবারের অভিযোগ এবং তৃণমূল কর্মীদের পালটা দাবি, দুটোই খতিয়ে দেখে পুলিশ কী তথ্য সামনে আনে, এখন সেদিকেই নজর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More