‘আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, তাও এবছর পাইনি, নিশ্চয় বিজেপির..’, খরচ প্রসঙ্গে সরব ক্ষুব্ধ মমতা
তাঁর লেখা বইয়ের রয়্যালটি ইস্যুতে এবার সুর চড়ালেন মমতা।
আরও একবার সোশ্যাল মিডিয়ায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়।সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় এক লাইভ করেছেন, যেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায়। এদিনের ভিডিয়োয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সংসার খরচের প্রসঙ্গ তুলে তাঁর লেখা বইয়ের রয়্যালটির টাকা না পাওয়ার অভিযোগ তোলেন। এছাড়াও বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে তিনি সরব হন।

এদিন ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে। সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। অন্য রাজনৈতিক দলগুলিকে অনুমতি দেওয়া হলেও আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। জেলা পরিষদ, পঞ্চায়েত দখল করছে।’ একইসঙ্গে তাঁর অভিযোগ, পুলিশকে দিয়ে বেআইনি কাজ করানো হচ্ছে।তাঁর সংসার খরচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মমতা বলেন,‘ আমাকে নানা কুকথা বলে। যদিও তারা জানে যে আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে।’ তিনি ওই ফেসবুক লাইভ ভিডিয়োয় বলেন,‘মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।’ তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়েও মমতা সরব হন। তিনি বলেন, ‘আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।’
এদিনের ফেসবুক লাইভে কটাক্ষের সুর চড়িয়ে মমতা বলেন, ‘আমরা বিদেশি ফান্ড নিই না। কিন্তু, অনেক দলই নেয়।’ ফের একবার গর্জনের সুর চড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ফেসবুক লাইভে বলেন, তাঁকে আটকে রাখা যাবে না। রাজ্যের কালীঘাট তৃণমূলের সুপ্রিমো বলেন, আমায় আপনারা যত আটকানোর চেষ্টা করবেন, তত দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াব। কারণ, আমি ছাত্র রাজনীতি করে এসেছি। যুব রাজনীতি করে এসেছে। আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


