Bardhaman News: বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদা জেলার একটি দোকান থেকে বর্ধমানে হারিয়ে যাওয়া ফোনটি কিনেছিলেন। সম্প্রতি চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি। আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।
Bardhaman News: বর্ধমানে ‘হারিয়ে যাওয়া’ দামি স্মার্টফোনের হদিস পাওয়া গিয়েছিল বাংলাদেশে। এবার বর্ধমান থানায় এসে সেই মোবাইলটি পুলিশের হাতে তুলে দিলেন ওপার বাংলার ক্রেতা। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে ওই মোবাইলের ক্রেতা ভারতে এসেছেন। সোমবার প্রযুক্তির সাহায্য এবং আন্তঃসীমান্ত যোগাযোগের এক অনন্য নজির দেখল বর্ধমান।
পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে খোয়া যায় একটি দামি স্মার্টফোন। মোবাইলের মালিক বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধাড়া। এই ঘটনায় তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সাইবার সেলের সহায়তায় মোবাইলটির প্রযুক্তিগত সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদা জেলার একটি দোকান থেকে বর্ধমানে হারিয়ে যাওয়া ফোনটি কিনেছিলেন। সম্প্রতি চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি। আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা। এর পরেই আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশ। ফোনটি যে হারানো বা চুরি যাওয়া সম্পত্তি, তা জানার পর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন তিনি। শেষ পর্যন্ত নিজেই বর্ধমান থানায় এসে পুলিশের হাতে ফোনটি তুলে দেন ওই বাংলাদেশি নাগরিক। প্রযুক্তিগত নজরদারি এবং ওপার বাংলার নাগরিকের সততা ও সহযোগিতার এই ঘটনায় পুলিশি তদন্তপ্রক্রিয়া নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আপাতত আইনি প্রক্রিয়া মেনে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আহাদ আলি বলেন, 'আমার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার হাটদামনাস গ্রামে। ফোনটি কিনেছিলাম নওদা জেলার জনি গেজেট থেকে। দাম ছিল ৪৫০০০ টাকা। ভারতে এসেছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য। এখানে আসার পর বর্ধমান থানার পুলিশ আমায় ফোন করে। আমাকে বলা হয় এই ফোনটির জন্য থানায় ডিজি করা রয়েছে। আপনি ফোনটি থানায় জমা দিয়ে যান। সেই কথা শুনে থানায় এসে ফোনটি জমা দিলাম।'