Central Forces: লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন! বঙ্গে প্রথম দফায় বিশাল কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি কোনও জেলায়?
Central Forces: বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
Central Forces: ক্রমেই এগিয়ে আসছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন, আর তাতেই রাজনৈতিক পারদও বেশ চড়ছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট হতে চলেছে। ওই দিন উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচন। হাতে সময় খুব কম, তাই ভোটের প্রচার বেশ বেড়েছে জেলায় জেলায়। এমতাবস্থায় প্রশ্ন উঠছে এই প্রথম দফার ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং কোন কোন জেলায় কত বাহিনী থাকবে। অবশেষে সেই নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

প্রথম দফায় মোট কত কেন্দ্রীয় বাহিনী আসছে?
বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যেরে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ওইদিন উত্তরবঙ্গের সব জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের সব আসনে ভোট হবে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে। সেক্ষেত্রে তাই মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে চলেছে। এবং কোন কোন জেলায় কত বাহিনী থাকবে তারও হিসেব দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ, দার্জিলিংয়ে থাকবে কত কেন্দ্রীয় বাহিনী?
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি, মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং অপরটি হল, জঙ্গিপুর পুলিশ জেলা। আর এই দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। এছাড়াও দার্জিলিংয়ে থাকবে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে থাকবে ৪৪ কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, কালিম্পংয়ে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া ইসলামপুর পুলিশ জেলায় ৬১ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৭১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি এবং মালদহে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় ২৭৩ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি, ঝাড়গ্রাম জেলায় ৭৪ কোম্পানি, বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি এবং বীরভূম জেলায় ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
কমিশন স্পষ্ট করে দিয়েছে, নির্বিঘ্নে ভোট করতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। আগামী সোমবারের মধ্যে বাহিনী মোতায়নের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে প্রথম পর্যায়ের ভোটে। নির্বাচন কমিশন জানিয়েছে, এক্ষেত্রে কোনও ঘাটতি তারা বরদাস্ত করবে না। যারা ডিউটিতে যাবেন তাদের প্রত্যেকের কাছে রাখতে হবে ঢাল এবং সার্ভিস রিভলবার। ফোর্স নিয়ে যাওয়ার জন্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে গাড়ি।
E-Paper

