Mausam Noor return to Congress: ‘মৌসম’ পালটাল বাংলায়, কংগ্রেস বলল ‘জিন্দা হ্যা’, INDI জোট নিয়ে খোঁচা তৃণমূলকেও

‘মৌসম’ পালটে গেল পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নুর। তবে তৃণমূল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে সরাসরি কোনও বিরূপ মন্তব্য করেননি রাজ্যসভার সাংসদ।

Published on: Jan 3, 2026, 16:55:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘মৌসম’ পালটে গেল পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নুর। তবে তৃণমূল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে সরাসরি কোনও বিরূপ মন্তব্য বা নেতিবাচক কোনও মন্তব্য করেননি রাজ্যসভার সাংসদ। ‘পিচ’ প্রস্তুত থাকলেও বা ‘লোপ্পা’ বল দেওয়া হলেও সেই পথে হাঁটেননি। ‘দলে থেকে কাজ করতে পারছিলেন না’ বলেও কোনও মন্তব্য করেননি রাজ্যসভার সাংসদ। মৌসম স্রেফ দাবি করেছেন যে গণি খান পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করবেন বলে মাসকয়েক ধরেই আলোচনা চলছিল। আর গণি খান একান্তভাবেই কংগ্রেসের সম্পদ। তাই পরিবার এককাট্টা থাকার জন্য কংগ্রেসে ফিরে এলেন বলে দাবি করেছেন মৌসম।

কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর। (ছবি সৌজন্যে Congress)
কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর। (ছবি সৌজন্যে Congress)

‘পশ্চিমবঙ্গে কংগ্রেস এখনও জিন্দা হ্যা’

তবে মৌসমের মতো নরম সুরে কথা বলেননি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, মালদা উত্তরের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর পাশে বসেই শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সংলাপ ধার করে জয়রাম বলেন, ‘পশ্চিমবঙ্গে কংগ্রেস এখনও জিন্দা হ্যা।’

ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূলকে খোঁচা কংগ্রেসের

সেইসঙ্গে ইন্ডিয়া জোটের সদস্য হয়েও কংগ্রেস কেন তৃণমূলের ঘর ভাঙাল, তা নিয়ে ঘাসফুল শিবিরের একটি মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, সেটার প্রেক্ষিতে জয়রাম খোঁচা দিয়ে বলেন, ‘কেউ-কেউ আজ ইন্ডিয়া জোটের কথা বলছে, সেটা শুনে ভালো লাগছে।’

মৌসম দল পালটানোয় কি তৃণমূলের অস্বস্তি বাড়ল?

রাজনৈতিক মহলের মতে, জয়রামের সেই খোঁচায় তৃণমূল হয়তো বেশি পাত্তা দেবে না। কিন্তু মৌসমের আচমকা দলবদলে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছে তৃণমূল। বিশেষত সংখ্যালঘু ভোট নিয়ে শাসক দলের কিছুটা হলে অস্বস্তি আছে। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট কাটার লক্ষ্য নিয়েছেন হুমায়ুন কবীর। আর পাশের মালদার এক সংখ্যালঘু নেত্রী তৃণমূল ছেড়ে দেওয়ায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কপালে কিছুটা হলেও ভাঁজ ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তৃণমূল সূত্রে খবর, মৌসম যে দল ছেড়ে দেবেন, সে বিষয়ে তেমন আভাস ছিল না। কারণ দিনকয়েক আগেই বিধানসভাভিত্তিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসমকে। যদি দলবদলের আভাস থাকত, তাহলে সম্ভবত সেই পদে বসানো হল না বরকত গনি খান চৌধুরীর ভাগ্নিকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More