Mehtab Hossain: বিজেপি ফেরত! CPIMর দীপ্সিতার হয়ে 'মাঠে' নামলেন প্ৰাক্তন ভারতীয় ফুটবলার, জানেন কে?
Mehtab Hossain: দীপ্সিতা ধর তাঁর ফেসবুক প্রোফাইলে মিছিলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘মাঠ বাঁচানোর মিছিল।’ কিন্তু সেই বার্তার ঠিক নিচেই যুক্ত করা হয়েছে ‘#Vote4left’ হ্যাশট্যাগ।
Mehtab Hossain: ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে দলবদলের জল্পনা নতুন কিছু নয়। তবে সেই গুঞ্জন যখন একজন প্রাক্তন তারকা ফুটবলারকে ঘিরে হয়, তখন তা অন্য মাত্রা পায়। উত্তর দমদম স্টেডিয়ামের বেহাল দশা সংস্কার করে স্পোর্টস কমপ্লেক্স তৈরির দাবিতে সম্প্রতি একটি মিছিলের আয়োজন করেছিলেন দমদম উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। সেই মিছিলে দীপ্সিতা ধরের পাশেই পা মেলাতে দেখা গেল ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। তিনি একসময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন। আর ভোটের মুখে এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা- তবে কী লাল শিবিরে নাম লেখালেন ময়দানের ‘মিডফিল্ড জেনারেল’?

দীপ্সিতা ধর তাঁর ফেসবুক প্রোফাইলে মিছিলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘মাঠ বাঁচানোর মিছিল।’ কিন্তু সেই বার্তার ঠিক নিচেই যুক্ত করা হয়েছে ‘#Vote4left’ হ্যাশট্যাগ। রাজনীতির কারবারিদের মতে, অরাজনৈতিক আন্দোলনের মোড়কে এই মিছিলের মাধ্যমে বামেদের ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে স্পষ্টভাবেই। আর সেই মিছিলেই মেহতাব হোসেনকে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে। তবে জল্পনা ডালপালা মেলার আগেই মুখ খুলেছেন তারকা ফুটবলার নিজেই। সিপিএম প্রার্থীকে তিনি সমর্থন করছেন কিনা, এই প্রশ্ন করতেই সংবাদমাধ্যম টিভি৯ বাংলাকে প্রাক্তন ফুটবলার বলেন, 'মাঠ বাঁচানোর লড়াইয়ের ডাক দিয়েছিল। তাই গিয়েছিলাম। দীপ্সিতা আমাকে আসতে বলেছিলেন। রাজনৈতিক প্রচার ছিল না। কোনও পার্টির পতাকা ছিল না। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের পতাকা ছিল।'
‘রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না’
দীপ্সিতা ধরের সঙ্গে মিছিলে হাঁটার পর মেহতাব হোসেনের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে তিনি যে এখন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান না, সেকথা স্পষ্ট করে দিলেন মেহতাব। দীপ্সিতার ফেসবুক ক্যাপশনের নীচে #vote4left লেখা প্রসঙ্গে মেহতাবের উত্তর, 'সেটা তাঁর ব্যাপার, তিনি কী ক্যাপশন দেবেন। আমি ভালো আছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। ফুটবল খেলার সঙ্গে যুক্ত থাকতে চাই। তার জন্য কোচিং লাইসেন্সও করেছি।' পরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মেহতাব নিজের অবস্থান আরও পরিষ্কার করে দেন। তিনি লেখেন, দলমত-নির্বিশেষে তিনি বরাবরের মতো আজও বাংলার ফুটবলের পাশে আছেন এবং মাঠ বাঁচানোর লড়াইয়ে যে শামিল হবে, তিনি তাঁর সাথেই থাকবেন। মেহতাবের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি।
৬ বছর আগে বিজেপিতে যোগ
মেহতাব হোসেনের রাজনীতিতে যোগদানের জল্পনা নতুন নয়। ২০২০ সালের ২১ জুলাই তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তিনি পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই দল ত্যাগ করেন মেহতাব। পরিবার ও বন্ধুদের আপত্তির কথা জানিয়ে তখন তিনি রাজনীতি থেকে দূরে সরে যান। এবারের নির্বাচনে দীপ্সিতার সঙ্গে তাঁর এই উপস্থিতি বাম কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করলেও, মেহতাব হোসেন নিজে কোচিং এবং ফুটবলেই মনোনিবেশ করতে চান বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে ভোটের আবহে ‘মাঠ বাঁচানোর’ এই মিছিল যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
E-Paper

