Budge Budge Metro Latest Update: কলকাতার 'দ্রুততম' মেট্রো ছুটতে পারে বজবজ লাইনে! ১৮.৪ কিমির রুটের করা হল সুপারিশ
Budge Budge Metro Latest Update: কলকাতার 'দ্রুততম' মেট্রো ছুটতে পারে বজবজ লাইনে! ১৮.৪ কিলোমিটার রুটের করা হল সুপারিশ। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ছুটবে সেই প্রস্তাবিত মেট্রো?
Budge Budge Metro Latest Update: বজবজ থেকে কি ময়দান পর্যন্ত মেট্রো চালু হবে? সেই মর্মে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের কাছে প্রস্তাব দিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গবেষক সৌরদীপ সরকার এবং অদ্রি রায়চৌধুরী কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের যোগাযোগ ব্যবস্থা মজবুত করার জন্য যে রিপোর্ট তৈরি করেছেন, তাতে সেই ময়দান-বজবজ মেট্রোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই রিপোর্টও কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে পাঠিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।

ফলতা-হলদিয়া রুটে RRTS করিডরের প্রস্তাব
দুই গবেষকের রিপোর্ট অনুযায়ী, কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়ার মধ্যে 'নমো ভারত' ট্রেন চালুর সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে বজবজের নিত্যযাত্রীদের সুবিধার্থে ওই (রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম বা RRTS) করিডরের সঙ্গে ইন্টিগ্রেটেড মেট্রো পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
মীরাট মেট্রোর থেকে অনুপ্রেরণা নেওয়ার সুপারিশ
সেক্ষেত্রে দুই গবেষক উদাহরণ তুলে ধরেছেন মীরাট মেট্রোর। বর্তমানে মীরাট মেট্রোর মাথায় আছে ভারতের দ্রুত মেট্রো করিডরের মুকুট। আর সেটার নেপথ্যে আছে RRTS-র সঙ্গে যোগসূত্র। একই পরিকাঠামো ব্যবহার করে নমো ভারত ট্রেনের সঙ্গে মীরাট মেট্রো ছুটতে পারে। আর নমো ভারতের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার (সর্বোচ্চ ১৬০ কিমিতে ছোটার অনুমতি আছে)। সেই পরিকাঠামো ব্যবহার করে মেট্রো চলার ফলে সেটিরও গতিবেগ অনেক বেশি হয়।
বজবজ মেট্রোর জন্য কী কী সুপারিশ করা হয়েছে?
আর ঠিক সেই বিষয়টিই কলকাতায় গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন দুই গবেষক। কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়ার মধ্যে নমো ভারত ট্রেন চালানোর জন্য যে RRTS করিডর তৈরি করা হবে, সেটার ট্র্যাক দিয়েই ময়দান থেকে বজবজ পর্যন্ত ১৮.৪ কিলোমিটার রুটে মেট্রো চালাতে যেতে পারে। তার ফলে বজবজ অঞ্চলের প্রচুর মানুষ উপকৃত হবেন, আবাসন শিল্পের বিকাশ হবে এবং সার্বিকভাবে জীবনযাত্রার মানের উন্নতি হবে।
ওই প্রস্তাব অনুযায়ী, ময়দান থেকে বজবজের মধ্যে প্রতিটি স্টেশনে দাঁড়াবে মেট্রো। আর নমো ভারত ট্রেন শুধুমাত্র ব্রেসব্রিজ, মহেশতলা এবং বজবজে দাঁড়াতে পারে। বাকি স্টেশনগুলিতে নাও দাঁড়াতে পারে নমো ভারত ট্রেন। দুটি সিস্টেমের মধ্যে যাতে মসৃণভাবে যোগসূত্র তৈরি করা যায়, সেই প্রস্তাবও দিয়েছেন দুই গবেষক।
আরও পড়ুন:
যদি শেষপর্যন্ত সেই প্রস্তাব গৃহীত হয়, তাহলে কলকাতার দ্রুততম মেট্রো চলতে পারে বজবজ-ময়দান রুটে। কারণ কলকাতা মেট্রো সর্বোচ্চ ৮০ কিমির মতো গতিতে ছুটে থাকে। ট্রায়ালের সময় গতিবেগ আরও কিছুটা বেশি ওঠে বটে। কিন্তু বাণিজ্যিক পরিষেবার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমির আশপাশে মেট্রো চালানোর অনুমতি আছে। কিন্তু প্রস্তাবিত বজবজ-ময়দান মেট্রো করিডর RRTS করিডরের সঙ্গে যোগসূত্র তৈরি করলে নিশ্চিতভাবে সেই গতি বাড়বে। যেমনভাবে মীরাট মেট্রোকে ঘণ্টায় গতিবেগ ১২০ কিমিতে ছোটার অনুমতি দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


