Winter Weather Forecast in Kolkata: ১০ ডিগ্রির 'মায়া' কাটাল কলকাতা! একধাক্কায় চড়ল পারদ, কবে দিনেও ঠান্ডা বাড়বে?
বৃহস্পতিবার একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। পরপর দু'দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পরে আজ কলকাতার পারদ একধাক্কায় চড়ল। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
পরপর দু'দিন কনকনে শীতের পরে কলকাতার পারদ কিছুটা চড়ল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) হল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ২২ ডিগ্রি আছে। এমনিতে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তার সুবাদে ১৩ বছরে শীতলতম জানুয়ারির মুখে পড়েছিল কলকাতা। তবে বুধবার সামান্য বৃদ্ধি পায় সর্বনিম্ন তাপমাত্রা। ঠেকে ১০.৩ ডিগ্রিতে। কিন্তু বৃহস্পতিবার একধাক্কায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেড়ে গিয়েছে।

স্বাভাবিকের নীচেই থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
তবে বৃহস্পতিবার কলকাতার পারদ কিছুটা চড়লেও আগামী কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আজ যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আবহবিদদের মতে, আপাতত কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। শীত থাকবে। তবে তাপমাত্রার কিছুটা এদিক-ওদিক হলেও ঠান্ডার দাপট কিছুটা কমতে পারে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আজ কলকাতায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দুপুরের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সার্বিকভাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দিনে আরও ঠান্ডা বাড়বে কবে থেকে?
এমনিতে টানা ২৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম আছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম ছিল। বুধবার সকালের দিকেও কুয়াশার আস্তরণ ছিল। কিন্তু বেলা বাড়তেই মেঘ ঠেলে বেরিয়ে আসতে থাকে সূর্য। তার ফলে বুধবার বৃদ্ধি পায় সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকে ২২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম।
তবে সপ্তাহান্তে ফের 'খেলা' ঘুরতে পারে। রোদের কারণে দিনের বেলা শীত যে কিছুটা নির্বিষ হয়েছে, সেটা পালটে যাওয়ার সম্ভাবনা আছে। আবহবিদদের মতে, জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় কুয়াশার আস্তরণ কিছুটা পাতলা হয়ে যায়। ফলে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যদিও শুক্রবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই পরিস্থিতিতে সপ্তাহান্তে ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের কমতে শুরু করবে। অর্থাৎ দিনের বেলায় ঠান্ডা বাড়বে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


