পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা! শুভেন্দু সরকারের নয়া পদে মিঠুন চক্রবর্তী
রাজ্যে নয়া পদে মিঠুন চক্রবতী।
কিছুদিন আগে, নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় এক ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন, মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার’ বা ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ করা হল মিঠুন চক্রবর্তীকে।

শুভেন্দু সরকারের এই নয়া পদে মিঠুন চক্রবর্তীকে নিয়োগ করার ঘোষণার পাশাপাশি সরকার জানিয়েছে, এবার থেকে মিঠুন, রাজ্যের পূর্ণমন্ত্রীর মর্যাদাও এই পদাধিকারে পাবেন। খুব শীঘ্রই নয়া পদে মিঠুন দায়িত্ব নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বর্তমানে আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই নয়া এই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন মিঠুন।
প্রসঙ্গত, প্রাক্তন বলিউড সুপারস্টার এবং বাংলার আইকন ৭৬ বছর বয়সী চক্রবর্তী ৭ মার্চ, ২০২১ এ কলকাতার একটি সমাবেশে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। এরপর বিজেপির সঙ্গে দীর্ঘ পথ চলেছেন তিনি। পাশাপাশি বাংলায় একাধিক ছবিতেও অভিনেতা মিঠুনকে সমান তালে অভিনয় করতে দেখা গিয়েছে। এদিকে, জল্পনা ছিল, রাজ্যে বিজেপি আসলে কি, মিঠুনকে কোনও তাবড় ভূমিকায় দেখা যাবে! সেই জল্পনার মাঝেই, পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে বিপুল ভোটে। এরপর শুভেন্দু সরকারের তরফে এদিন জানানো হল, রাজ্যে বড় দায়িত্ব পেতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বুধেই প্রকাশিত হয়েছে নবান্নের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এই নিয়োগ কার্যকর করা হচ্ছে, আর তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও সেখানে বলা হয়েছে, ‘জনস্বার্থে’ই যে এই সিদ্ধান্ত তাও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জানা গিয়েছে, এই পদ প্রাপ্তির ঘোষণার খবর পেতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মিঠুন, অঙ্গীকার নিয়েছেন সোনার বাংলা গড়ার।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


