Panihati MLA Ratna Debnath: অভিশপ্ত অগস্ট! ৭ দিন চাইলেন আরজি কর নির্যাতিতার বিধায়ক মা, কিন্তু কেন?
Panihati MLA Ratna Debnath: আগামী ৭ দিনের জন্য নিজেকে সমস্ত জনসংযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক অনুষ্ঠান থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক রত্না দেবনাথ। ব্যক্তিগত ক্ষতে প্রলেপ দিতেই আগামী কয়েকটা দিন অন্তরালে থাকতে চান বলে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নিজেই স্পষ্ট জানিয়েছেন তিনি।
Panihati MLA Ratna Debnath: ২০২৪ সালের ৯ অগস্ট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃসংশ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই রাতের ভয়াবহ ঘটনা এখনও মনে দাগ কেটে রয়েছে সকলের। দু’টো বছর ঘুরেছে। এখনও মেয়ের বিচারের আশায় অপেক্ষা করছে পরিবার। বিচার চাওয়ার দীর্ঘ লড়াইয়ে নামা নির্যাতিতার মা রত্না দেবনাথ বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়ক। কিন্তু নতুন পরিচয় যুক্ত হলেও, একজন মায়ের সন্তান হারানোর বেদনা, রক্তক্ষরণ ও শোক বিন্দুমাত্র কমেনি। তাই একমাত্র মেয়ের মৃত্যুর দ্বিতীয়বর্ষ পূর্তিতে সাত দিন একান্তে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন পানিহাটির বিধায়ক।
৭ দিন চাইলেন আরজি কর নির্যাতিতার বিধায়ক মা (সৌজন্যে টুইটার)
আগামী ৭ দিনের জন্য নিজেকে সমস্ত জনসংযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক অনুষ্ঠান থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক রত্না দেবনাথ। ব্যক্তিগত ক্ষতে প্রলেপ দিতেই আগামী কয়েকটা দিন অন্তরালে থাকতে চান বলে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নিজেই স্পষ্ট জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমি আপনাদের থেকে সাত দিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি। আমার জনতার কার্যালয়ে অফিসিয়াল কাজ যেমন চলার চলবে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমার এই ক'দিনের অনুপস্থিতি আপনারা আন্তরিকভাবে মার্জনা করবেন আশা রাখি।'
২০২৪ সালের ওই অভিশপ্ত ঘটনার পর বিচারের দাবিতে আন্দোলনের একেবারে সামনের সারিতে উঠে এসেছিলেন রত্না দেবনাথ। লড়াইয়ের ময়দানে থাকতে থাকতেই তিনি রাজনীতির আঙিনায় পা রাখেন এবং পানিহাটির বিধায়ক নির্বাচিত হন। তবে রাজনীতির ব্যস্ততা কিংবা বিধায়ক পদের আড়ালেও অগস্ট মাস এলেই ফিরে আসে এক চরম শূন্যতা ও যন্ত্রণাদায়ক স্মৃতি। আইনি পথ আর রাজনৈতিক লড়াই যাই থাকুক না কেন, মেয়ের স্মৃতির উদ্দেশে এবং নিজের নিঃসঙ্গতার তাগিদে এই বিশেষ দিনটিতে একটু একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন নির্যাতিতার মা।
দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। ঘটনায় পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার মা-বাবা। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। পথে নামেন চিকিৎসকরা। বিক্ষোভ, আন্দোলন, অনশন কী দেখেনি বাংলা। ময়দানে নামতে হয় খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনের জেরে সরিয়ে ফেলা হয় তৎকালীন পুলিশ কমিশনারকেও। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে সম্প্রতি আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। এর আগে কলকাতা হাইকোর্ট সিবিআই-কে জানায়, আরজি কর হাসপাতালের সেমিনার হল-সহ যে যে জায়গা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে। রাজ্যে পালাবদলের পর আবার আরজি কর তদন্তের ফাইল খোলার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Home/Bengal/Panihati MLA Ratna Debnath: অভিশপ্ত অগস্ট! ৭ দিন চাইলেন আরজি কর নির্যাতিতার বিধায়ক মা, কিন্তু কেন?