হেলিকপ্টার ছেড়ে সড়কপথে মোদী! কলাইকুণ্ডা থেকে গাড়িতে খড়্গপুর আইআইটি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে তৎপরতা

প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বাস্তবে কলাইকুণ্ডা বিমানঘাঁটি থেকে সড়কপথে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসে।

Published on: Nov 21, 2026, 10:28:21 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতে না কাটতেই পশ্চিম মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে বাড়ল তৎপরতা। পূর্বনির্ধারিত সূচিতে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা থাকলেও শেষ পর্যন্ত কলাইকুণ্ডা বিমানঘাঁটি থেকে সড়কপথে গাড়িতে করে গন্তব্যে পৌঁছলেন প্রধানমন্ত্রী। শনিবার, ২১ নভেম্বর সকালে এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুরে নিরাপত্তা ও প্রশাসনিক মহলে বিশেষ তৎপরতা দেখা যায়। দেশের প্রথম আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই বাংলায় এসেছেন তিনি।

হেলিকপ্টার ছেড়ে সড়কপথে মোদী! কলাইকুণ্ডা থেকে গাড়িতে খড়্গপুর আইআইটি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে তৎপরতা (DPR PMO )
হেলিকপ্টার ছেড়ে সড়কপথে মোদী! কলাইকুণ্ডা থেকে গাড়িতে খড়্গপুর আইআইটি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে তৎপরতা (DPR PMO )

কেন হেলিকপ্টারের বদলে সড়কপথ?

প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বাস্তবে কলাইকুণ্ডা বিমানঘাঁটি থেকে সড়কপথে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ওডিশা উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়লেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা ছিল। আবহাওয়ার এই পরিস্থিতিতে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথ বেছে নেওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে সরকারি ভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

আইআইটির ৭৫ বছর পূর্তি, বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ

প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ভারতের প্রথম আইআইটি। দীর্ঘ ৭৫ বছরে প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই সেই মুদ্রার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। পাশাপাশি নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।

৭৫ পড়ুয়ার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি কথা বলবেন মোদী। '৭৫ Voices for Viksit Bharat' কর্মসূচির অধীনে পড়ুয়ারা প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়াও প্রতিষ্ঠানের উদ্ভাবিত সাশ্রয়ী চিকিৎসা প্রযুক্তি, গভীর প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবা এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন মডেল ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বিশেষ করে প্রযুক্তির সাহায্যে কীভাবে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলি তুলে ধরা হবে।

এক মঞ্চে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। পাশাপাশি রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা।

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সময়ই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করে তাঁর এই সফরকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজন করেছে কর্তৃপক্ষ।

বাংলা সফরের পর বিহার ও উত্তরপ্রদেশে মোদী

আইআইটি খড়্গপুরের অনুষ্ঠান শেষ করে বিহারের বৈশালীতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে প্রায় ৩৪ হাজার ৪৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর উত্তরপ্রদেশের লখনউয়ে পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে যোগ দেবেন। সেখানে দেশের বিভিন্ন আইটিআই ও দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৫২ জন কৃতী পড়ুয়াকে সম্মানিত করার কথা রয়েছে। সব মিলিয়ে, আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে চিকিৎসা প্রযুক্তি এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রয়েছে শিক্ষা মহলের।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।